সকলের সম্মিলিত প্রচেষ্টায় আজ আমাদের স্বপ্নের সুন্দর বাংলাদেশ বাস্তবায়িত হচ্ছে … আনোয়ার হোসেন মঞ্জু
সাইফুল্লাহ হুমায়ূন :
পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, আমাদের প্রত্যাশা ছিল এমন স্বাধীন বাংলাদেশ যা হবে সৌহার্দ্যপূর্ণ, শান্তিময় তথা সকলের বসবাস উপযোগী একটি সমৃদ্ধ দেশ। ছাত্র জীবনে এরকম স্বপ্নের একটি সুন্দর দেশ প্রতিষ্ঠার জন্য আমরা যথাসাধ্য অবদান রাখতে সচেষ্ট ছিলাম। যে স্বপ্ন আজ বাস্তবায়িত হয়েছে সকলের ঐক্যবদ্ধ ও সম্মিলিত প্রচেষ্টায়।
তিনি সোমবার বিকেলে পিরোজপুর পুলিশ লাইনসে জেলা পুলিশ আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন, আল্লাহর কাছে আমাদের ক্ষমা ও পানাহ চাইতে হবে। কারণ আমরা সকলেই কম বেশী পাপ করি। আল্লাহর ইচ্ছায় আমরা পিরোজপুর জেলা পুলিশের ইফতার মাহফিলে অংশ নেয়ার সৌভাগ্য অর্জন করেছি। মাহে রমজানের এই দিনে যেমন মহান সৃষ্টিকর্তার রহমত লাভ করতে সক্ষম হয়েছি তেমনি এ রহমত স্বরূপ আজকের এই দিনটি বর্ষনমূখর থাকায় সবার জন্য তা স্বস্তি ও আরামদায়ক হয়েছে। পিরোজপুর জেলা শহর এ অঞ্চলের সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনিক কেন্দ্রস্থল। এখানে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ন্যায় ভিত্তিক আচরণ বিরাজমান থাকায় তার সুফল এলাকাবাসী পাচ্ছেন। পিরোজপুর হবে একটি আদর্শ জেলা ও স্থান। যা জন্য সকলেরই প্রচেষ্টা বিদ্যমান। পাশাপাশি আমরা যে বাংলাদেশ এবং বাঙ্গালীর সুন্দর জীবনের জন্য প্রচেষ্টা চালিয়ে ছিলাম তা সকলের দলমত নির্বিশেষে বাস্তবায়ন প্রচেষ্টার মাধ্যমে আমাদের অর্জনও উল্লেখযোগ্য। গত ৩০-৩২ বছরের পথ পরিক্রমায় সকল ক্ষেত্রে সকল কাজে সবার অংশগ্রহণে মানগত নিরিখে প্রণীধানযোগ্য মাত্রায় তা প্রতিষ্ঠিত হচ্ছে। যার জন্য আল্লাহর কাছে শুকরিয়া ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানানো সকলের কর্তব্য। 
সোমবার জেলা পুলিশ পিরোজপুরের উদ্যোগে এ ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদীর্ঘ জীবন, সুস্বাস্থ্য ও উজ্জল কর্মজীবন কামনা করা হয়। এ ইফতার মাহফিলে পিরোজপুর জেলা শহরের বিচার বিভাগীয় কর্মকর্তা, সরকারি কমকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ইমাম, ব্যবসায়ী, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, সমাজসেবীসহ বিভিন্ন মুসল্লি ও রোজাদারগণ শরিক হন। এ ছাড়া জেলা ও বিভিন্ন থানার পুলিশ কর্মকর্তা ও সদস্যরা ইফতারে অংশ নেন।
পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেনের সভাপতিত্বে পিরোজপুরের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ, জেলা ও দায়রা জজ গোলাম কিবরিয়া, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ মামুন চৌধুরী প্রমুখ সরকারি কর্মকর্তা অংশগ্রহন করেন। আরও অংশ নেন জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেক, সদর উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, কাউখালীর উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল প্রমুখ জনপ্রতিনিধিবৃন্দ। রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ এ্যাডভোকেট আব্দুল হাকিম হাওলাদার, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ইসাহাক আলী খান পান্না, জাতীয় পার্টি-জেপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিমসহ হুমায়ুন কবির তালুকদার রাজু, সিদ্দিকুর রহমান টুলু, ইউসুফ আলী আকন প্রমুখ।
সোমবার আনোয়ার হোসেন মঞ্জু’র উপস্থিতিতে পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার ইন্দুরকানি ডিগ্রী কলেজ ও পাড়েরহাট বাসষ্ট্যান্ডে সংশ্লিষ্ট ইউনিয়নে দুঃস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে সুবিধা বঞ্চিত অস্বচ্ছল পরিবারের মাঝে কাপড় বিতরণ করা হয়। এ সব কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে ইন্দুরকানী উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা বেগম, পত্তাশী ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, পাড়েরহাট ইউপি চেয়ারম্যান ও জেপি’র উপজেলা সহ সভাপতি গোলাম সরোয়ার বাবুল প্রমুখ।
পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বন অধিদপ্তরের আওতাধীন ‘বাংলাদেশের পাঁচটি উপকূলীয় জেলায় বনায়ন প্রকল্পের’ উদ্যোগে ইন্দুরকানি ডিগ্রী কলেজ মাঠে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি একটি গাছের চারা রোপন করেন। এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বাগেরহাটের বন বিভাগীয় কর্মকর্তা সাইদুল ইসলাম, ইন্দুরকানীর নির্বাহী কর্মকর্তা মো. নূরুল হুদা প্রমুখ।
ভান্ডারিয়া সংবাদদাতা জানান, গতকাল সোমবার বিকালে পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি ভান্ডারিয়া উপজেলার নদমূলা-শিয়ালকাঠি ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রতিষ্ঠানে আর্থিক সাহায্য ও পুনর্বাসনের লক্ষে প্রাকৃতিক দুর্যোগ উপ-খাত হতে প্রাপ্ত অর্থের চেক বিতরণ করেন। নদমূলা বাজার সাইক্লোন শেল্টার প্রাঙ্গণে এ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, নদমূলা ইউপি চেয়ারম্যান শফিকুল কবির তালুকদার বাবুল, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু প্রমুখ।এছাড়া দুঃস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে এ ইউনিয়নের সুবিধা বঞ্চিত অস্বচ্ছল পরিবারের মাঝে মন্ত্রীর উপস্থিতিতে এ সময় কাপড় বিতরণ করা হয়।
