মঠবাড়িয়ায় প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
মঠবাড়িয়া প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার হোগলপাতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ওই বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য ইসাহাক তালুকদার ত্রুটিপূর্ণ নির্বাচনী তফসিল ঘোষণাসহ গঠন প্রক্রিয়ায় বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার ৮৩নং হোগলপাতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠনের লক্ষে গত ২৪ এপ্রিল সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা কনক রানী গণপতি স্বাক্ষরিত একটি নির্বাচনী তফসিল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় মনোনয়নপত্র জমাদান ২৭ এপ্রিল সকাল ১১টা থেকে দুপুর ২টা এবং মনোনয়নপত্র বাছাই ২৭ এপ্রিল সকাল ১১টা। যা ছিল ভুল। এছাড়া ওই একই দিনে তালিকা প্রকাশ, প্রত্যাহার, চূড়ান্ত তালিকা প্রকাশের সময় নির্ধারন করা হয়। যা সম্পূর্ণ নির্বাচনী বিধি পরিপন্থ’ী। এছাড়া প্রধান শিক্ষকের স্বাক্ষর ছাড়াই কনক রানী গণপতি আরেকটি বিজ্ঞপ্তিতে ভোটারদের নামের তালিকা প্রকাশ করেন।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা কনক রানী গণপতি তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে কোন সদুত্তর দিতে পারেননি। তবে নির্বাচনী তফসিল বিজ্ঞপ্তিতে ভুল হয়েছে বলে তিনি স্বীকার করে বলেন ওই ত্রুটিপূর্ণ তফসিল বাতিল করে নতুন তফসিল ঘোষণা করা হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।
