ঐক্যবদ্ধভাবে কাজ করে জেলার তিনটি আসন শেখ হাসিনাকে উপহার দেব .... মহিউদ্দিন মহারাজ
পার্বত্য অঞ্চলের মতো অশান্ত পিরোজপুরেও শান্তি প্রতিষ্ঠিত করা হবে …. এ কে এম এ আউয়াল এমপি
পিরোজপুর-১ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগ সভাপতি এ কে এম এ আউয়াল বলেছেন, শান্তির উগ্রদূত জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শান্তির প্রতিক শেখ হাসিনা এখন শুধু বাংলাদেশের নেতা নন তিনি এখন বিশ্বের নেতা। বিশ্বের নেতাদের মধ্যে শেখ হাসিনার অবস্থান দশম।
তিনি বলেন, এরশাদ এবং খালেদা জিয়ার সরকারের শাসনামলে দেশে অশান্তি বিরাজ করেছিল। বর্তমান আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশে কোন অশান্তি নেই। তিনি পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত করেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সর্বত্র শান্তি বিরাজ করছে।
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২০ বছর পূর্তি উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেলে পিরোজপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত এক জনসভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
টাউন ক্লাব চত্বরে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক মোঃ মহিউদ্দিন মহারাজ, জেলা মহিলা আওয়ামী লীগের
সভাপতি লায়লা ইরাদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান খালেক, যুগ্ম সম্পাদক এডভোকেট কানাই লাল বিশ্বাস, স্বরূপকাঠির পৌর মেয়র গোলাম কবির, জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম সুমন, মাওলানা ফারুক আব্দুল্লাহ, মাওলানা নাসির উদ্দিন, যুবলীগ নেতা বাদশা হাওলাদার, মাহামুদুর রহমান সোহাগ প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ মোঃ শাহআলম। সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান ফুলু।
এমপি আউয়াল বলেন, পার্বত্য চট্টগ্রামে যেভাবে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে তেমনি ভাবে অশান্ত পিরোজপুরেও শান্তি প্রতিষ্ঠিত করা হবে। তিনি পিরোজপুরের নবাগত পুলিশ সুপারকে উদ্দেশ্য করে বলেন, পিরোজপুর একদিন শান্ত ছিল, মাঝে অশান্ত হয়ে গেছে। এই অশান্ত পিরোজপুরে শান্তি প্রতিষ্ঠিত করতে হবে। পিরোজপুরকে মাদকমুক্ত করতে হবে। এজন্য পিরোজপর শহরে প্রয়োজনে সিসি ক্যামেরা লাগাতে হবে। পিরোজপুরকে যারা অশান্ত করতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কেননা শেখ হাসিনার বাংলায় কোন জায়গা অশান্ত থাকতে পারবে না।
জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু পার্বত্য অঞ্চল নয়, তিনি বাংলাদেশের প্রতিটি এলাকায় শান্তি প্রতিষ্ঠা করেছেন। তাই দেশের প্রতিটি অঞ্চলের শান্তিপূর্ন অবস্থা বজায় রাখতে, দেশের উন্নয়নের আগ্রযাত্রাকে এগিয়ে নিতে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে।
তিনি পিরোজপুর জেলা আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন, আসুন আমরা চুক্তি করি- আগামী নির্বাচনে পিরোজপুর আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে কাজ করে পিরোজপুরের তিনটি সংসদীয় আসনে নৌকা প্রতিককে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেব।
জনসভায় পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত হন। এছাড়া জেলার বিভিন্ন কলেজ-মাদ্রাসার কয়েক শত ছাত্র-ছাত্রী সভায় উপস্থিত ছিলেন। বাস, ট্রলার যোগে তারা বিকেল ৪ টার মধ্যে এসে সভাস্থলে যোগ দেন।
