পিরোজপুর পৌরসভার ৭৯ কোটি টাকার বাজেট ঘোষণা
পিরোজপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ৭৯ কোটি ৪৭ হাজার ৪০০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত এ বাজেট ঘোষণা বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে পৌর কর্তৃপক্ষ।
সোমবার দুপুরে পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমান মামুন। প্রস্তাবিত বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৭৬ কোটি ৭৫ লাখ ৯১ হাজার টাকা এবং উদ্বৃত্ত রাখা হয়েছে ২ কোটি ১৪ লাখ ৫৬ হাজার ৪০০ টাকা।
সভায় অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম, রাজস্ব আহরণ বৃদ্ধি ও নাগরিক সেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভায় পৌরসভার নির্বাহী কর্মকর্তা বনি আমিন, প্রশাসনিক কর্মকর্তা মো. জামাল হোসেন মল্লিক, সহকারী প্রকৌশলী মো. মেহেদী হাসান, হিসাবরক্ষক মো. মিজানুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় পৌর প্রশাসক মাহমুদুর রহমান মামুন বলেন, উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে কাক্সিক্ষত সেবা প্রদান করা হবে।
