প্রধান সূচি

মাছ ধরার ট্রলারে মিলল ভারতীয় শাড়ি-লুঙ্গি, পাঞ্জাবি

পিরোজপুরের বলেশ্বর নদীতে মাছ ধরার একটি ট্রলারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি উদ্ধার করেছে কোস্ট গার্ড ও পুলিশ। এ সময় চোরাচালানে ব্যবহৃত ট্রলারটি আটক করা হয়। তবে ট্রলারে থাকা মাঝিসহ ৪/৫ জন পালিয়ে যায়।
শুক্রবার গভীর রাতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা এলাকা থেকে ট্রলারটি আটক করা হয়।
‎পিরোজপুর সদর থানার ওসি শরিফুল ইসলাম জানান, শুক্রআর রাত ৩টার দিকে বরগুনা জেলার পাথরঘাটা এলাকা থেকে আসা সন্দেহজনক একটি মাছ ধরার ট্রলারকে ধাওয়া করে কোস্ট গার্ড সদস্যরা। পরে পিরোজপুর সদর থানার পুলিশের সহযোগিতায় সদর উপজেলার কুমিরমারা এলাকায় ট্রলারটি আটক করা হয়। তবে ট্রলারে থাকা ব্যক্তিরা পালিয়ে যায়।
‎ওসি আরও জানান, ট্রলারটিতে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি রয়েছে। উদ্ধার করা পণ্যের পরিমাণ ও মূল্য নির্ধারণসহ এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান জানান, কোস্ট গার্ড ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মালামাল গণনা ও তালিকাভুক্ত করতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। এরপর উদ্ধার হওয়া মালামালের পূর্ণাঙ্গ তালিকা ও পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।
কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. আশরাফুল আলম জানান, বলেশ্বর নদীতে অভিযান শুরু করে কোস্ট গার্ডের একটি দল। পরে একটি ট্রলার ধাওয়া করে কঁচা নদীর পুরাতন বেকুটিয়া ফেরিঘাট এলাকায় আটক করা হয়। অভিযানের বিষয়ে কোস্ট গার্ডের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা এবং উদ্ধার হওয়া মালামাল নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial