পিরোজপুরে চ্যানেল আই এর প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা ...
অপরাধ খবরের ভিড়ে উন্নয়ন ও উৎপাদনশীলতার সাংবাদিকতায় চ্যানেল আই পথিকৃৎ
‘সত্য সুন্দর প্রকাশে, চ্যানেল আই আটাশে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে চ্যানেল আই-এর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পিরোজপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের নবাগত পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান (পিপিএম (সেবা)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম।
বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, সাবেক সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম আলী, সাবেক আহবায়ক জিয়াউল আহসান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ, পিরোজপুর জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জেলা বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য আক্তারুজ্জামান সেখ রাহাত, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক হাবিব খান, প্রকৃতি ও জীবন ক্লাব’ পিরোজপুরের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান। শুভেচ্ছা বক্তব্য রাখেন চ্যানেল আই এর জেলা প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, স্বাভাবিক চোখে সাংবাদিকতা বলতে আমরা দুর্ঘটনা বা অপরাধমূলক খবরগুলোই বেশি দেখি এবং এগুলোই আমাদের নজর কাড়ে বেশি। তবে এর বাইরে উন্নয়ন ও উৎপাদনশীলতার যে গঠনমূলক সাংবাদিকতা, তা শুধু তথ্য পরিবেশনই নয়- মানুষের বিনোদনেরও বড় একটি অংশ। চ্যানেল আই এই ধারার সাংবাদিকতার প্রতিকৃৎ। তাদের দেখানো পথ অনুসরণ করেই পরবর্তীতে অন্যান্য চ্যানেলগুলো উন্নয়ন ও উৎপাদনশীলতার সাংবাদিকতায় অনুপ্রাণিত হয়েছে।
তিনি আরও বলেন, চ্যানেল আই-এর বেশ কিছু উদ্ভাবনী ও মননশীল অনুষ্ঠান রয়েছে, যা তাদের অন্যান্য চ্যানেল থেকে এক অনন্য স্বকীয়তা ও স্বতন্ত্র পরিচয় দিয়েছে। বর্তমান যুগে গণমাধ্যমের যে সুস্থ প্রতিযোগিতা চলছে, সেখানে যে চ্যানেল যত বেশি আধুনিক ও সৃজনশীল অনুষ্ঠান উপহার দিতে পারবে, তারা তত বেশি দর্শকপ্রিয়তা পাবে। প্রতিনিয়ত নিজেদের ছাড়িয়ে গিয়ে চ্যানেল আই শুভানুধ্যায়ী ও দর্শকদের হৃদয় জয় করে চলেছে।
ভবিষ্যতেও সৃজনশীল কাজ ও বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনের মাধ্যমে চ্যানেল আই তাদের জনপ্রিয়তার এ ধারা বজায় রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন জেলা পুলিশ প্রধান। একই সাথে তিনি চ্যানেল আই-এর সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে পিরোজপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা চ্যানেল আই-এর বস্তুনিষ্ঠ সংবাদ ও মানসম্মত অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন এবং মুক্তিযুদ্ধের চেতনা ও সত্য প্রকাশের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ চ্যানেল আই এর প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
