প্রধান সূচি

পিবিপ্রবিতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত

যথাযোগ্য মর্যাদায় পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) প্রথমবারের মতো বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে আলোচনা সভা এবং পরবর্তীতে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আকরামুজ্জামান, পিবিপ্রবির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মুহাম্মদ মাহাবুবুস সোবহান, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. মো. মুছা খান, মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান শারমিন ইসলাম নিপা, পরিসংখ্যান বিভাগের প্রভাষক সুমাইয়া সুলতানা, লিয়াজোঁ ও প্রটোকল অফিসার মাহবুব উল হাসান, সেকশন অফিসার নিগার সুলতানা প্রমুখ।

সভাপতির বক্তব্যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার বিশ্ব শিক্ষক দিবসের গুরুত্ব ও মর্যাদা তুলে ধরার পাশাপাশি শিক্ষকতা পেশার মহান আদর্শ, নৈতিকতা ও দায়িত্ববোধের বিষয়ে আলোকপাত করেন।

ভাইস-চ্যান্সেলর বলেন, শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি একটি মহান ব্রত। বিশ্ব মানবতার সর্বশ্রেষ্ঠ শিক্ষক মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও শিক্ষা আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। একজন আদর্শ শিক্ষকের কাছে শিক্ষার্থীর নিরাপত্তা, কল্যাণ ও অধিকার রক্ষা করাই সবচেয়ে বড় দায়িত্ব।

নিজের দীর্ঘ ২৯ বছরের শিক্ষকতা জীবনের স্মৃতিচারণ করে ভাইস-চ্যান্সেলর বলেন, দল-মত নির্বিশেষে সাধারণ শিক্ষার্থীদের ভালোবাসা ও সম্মান অর্জন করাই একজন শিক্ষকের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। এ সময় তিনি শিক্ষার্থীদের প্রতি স্নেহশীল আচরণ করার এবং যেকোনো সংকটময় মুহূর্তে শিক্ষকদের অভিভাবকতুল্য ভূমিকা রাখার আহ্বান জানান।

এরপর ভাইস-চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষকদের হাতে উপহারসামগ্রী তুলে দেন এবং একই সঙ্গে শিক্ষকদের গবেষণা প্রণোদনার চেক হস্তান্তর করেন।

আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণ থেকে শুরু হওয়া একটি বর্ণাঢ্য র‍্যালি একাডেমিক ভবনে গিয়ে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী অংশগ্রহণ করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial