পিরোজপুরে চোরাই মোটর সাইকেলসহ আন্ত:বিভাগ চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার
চুরি হওয়া একটি মোটর সাইকেলসহ আন্ত:বিভাগ চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পিরোজপুর সদর থানা পুলিশ। বুধবার ভোররাতে তাদেরকে পিরোজপুর সদর ও নেছারাবাদ উপজেলা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হল- পিরোজপুরের নাজিরপুর উপজেলার উত্তর গাওখালী গ্রামের মৃত কৃষ্ণ রায়ের ছেলে বাপ্পি ওরফে সুমন রায় (৩৮), নেছারাবাদ উপজেলার জিলবাড়ি গ্রামের আমির হোসেনের ছেলে কামরুল (২৪), একই উপজেলার পশ্চিম বিন্না গ্রামের ফারুক হোসেনের ছেলে মেহেদি হাসান (৩৮) এবং যশোরের অভয়নগর থানার ভূগিলহাট গ্রামের সাহেব মুন্সি’র ছেলে মুন্না মুন্সি (২৪)।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান বুধবার বিকেলে পিরোজপুর সদর থানায় এক সংবাদ সম্মেলনে জানান, গত ২১ নভেম্বর পিরোজপুর পৌরসভার মুসলিম পাড়া এলাকার একটি বাসার সামনের রাস্তা থেকে ডিবিসি টেলিভিশনের পিরোজপুর প্রতিনিধি হাবিবুর রহমানের মোটর সাইকেল চুরি করে নিয়ে যায় চোর চক্র। এ ঘটনায় হাবিবুর রহমান পিরোজপুর সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর পুলিশ শহরের বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ও তথ্য প্রযুক্তির সহায়তায় চোর চক্রটিকে চিহ্নিত করে। পরে পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক মোল্লা রমিজ জাহান জুম্মা’র নেতৃত্বে সদর থানা পুলিশের একটি দল চোর চক্রের সদস্য সুমন রায়, মুন্না ও কামরুলকে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্যমতে পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার পশ্চিম বিন্না গ্রামে মেহেদি হাসানের বাড়ি থেকে চুরি হওয়া মোটর সাইকেলটি উদ্ধার এবং তাকে গ্রেফতার করে।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, এ চোর চক্রটি দীর্ঘদিন ধরে পিরোজপুর থেকে মোটর সাইকেল চুরি করে দেশের বিভিন্ন এলাকায় নিয়ে বিক্রি করে আসছিল। এর আগেও পিরোজপুর থেকে চুরি হওয়া আরেকটি মোটার সাইকেল যশোর থেকে উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুস সোবাহানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
