স্বরূপকাঠীতে সমবায় দিবস পালনে চাঁদাবাজির অভিযোগ
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় সমবায় দিবস পালনের নাম করে সমবায় সমিতিগুলো থেকে ব্যাপকহারে চাঁদা তোলার অভিযোগ উঠেছে। প্রতিটি সমবায় সমিতি থেকে এক হাজার থেকে পাঁচ হাজার পর্যন্ত টাকা নিচ্ছে উপজেলা সমবায় অফিস। সে হিসেবে উপজেলার ২৬৪টি সমবায় সমিতি তেকে গড়ে ৩ হাজার টাকা করে চাঁদা আদায় করলে চাঁদার পরিমান দাঁড়াবে ৭ লাখ ৯২ হাজার টাকা।
অভিযোগ রয়েছে সমবায় দিবসের নামে প্রতিবছরই এভাবে বড় অংকের একটা অর্থ আদায় করে হাতিয়ে নিচ্ছে উপজেলা সমবায় অফিস।
পপুলার মাল্টিপারপাস কো-অপারেটিভ লিমিটেডের মালিক মো. ফরিদ চৌধুরী’র মাধ্যমে এসব চাঁদা উঠানো হচ্ছে। আবার কোন কোন সমবায় সমিতি থেকে খোদ উপজেলা সমবায় কর্মকর্তা নিজে গিয়ে চাঁদা এনেছেন। আর এ কাজে তাকে সাহায্য করছেন উপজেলা সমবায় অফিসের অফিস সহায়ক পিন্টু। তবে অফিস সহায়ক পিন্টু বলেছেন, আমি শুধুমাত্র সমবায় সমিতিতে সমবায় দিবসের দাওয়াত কার্ড দিয়ে এসেছি। কোন টাকা নেইনি।
উপজেলার আতা বহুমুখী সমবায় সমিতির মালিক উত্তম মিস্ত্রী বলেন, প্রতি বছর সমবায় দিবস পালনে আমি সমবায় অফিসে অনুষ্ঠান পালনে ৫ হাজার টাকা দেই। এ বছর আগামী ২ নভেম্বর সমবায় দিবস পালনের জন্য ৫ হাজার টাকা দিয়েছি। তবে আমি অফিসে গিয়ে টাকা দেইনি। উপজেলার পপুলার মাল্টিপারপাস কোঅপারেটিভ লিমিটেডের মালিক মো. ফরিদ চৌধুরীর কাছে টাকা দিয়েছি। এর পূর্বে বিগত বছরে দিবস পালনের জন্য অফিসের অফিস সহায়ক পিন্টু এসে টাকা নিত।
উপজেলার সমেদয়কাঠি ইউনিয়নের দুর্গাকাঠি গ্রামের ঘাসফুল ক্ষুদ্র সঞ্চয় ঋণদান সমবায় সমিতির মালিক বিধান রায় অভিযোগ করেন, সমবায় দিবস উপলক্ষে উপজেলা সমবায় কর্মকর্তা হাসান রকি নিজে গিয়ে আমার অফিস থেকে ৫ হাজার টাকা চাঁদা এনেছেন। চাঁদা না দিলে তারা আবার অডিটে গিয়ে আইনের মারপ্যাচ দেখান। তাই ঝামেলা না করে চাঁদার টাকা দিয়ে দেই।
নিউ ন্যাশনাল সমবায় সমিতির মালিক মৃত্যুঞ্জয় ঘোষ বলেন, প্রতি বছর সমবায় দিবসে আমরা সব সমবায় সমিতিগুলো অফিসে একটা টাকা দিয়ে থাকি। এ বছরও আমার কাছ থেকে দুই হাজার টাকা ধার্য করা হয়েছে। চাঁদা না দিলে আবার অডিটে নানা ত্রæটি ধরা হয়।
সেবক হেল্থ এন্ড এডুকেশন সোসাইটি নামে অপর একটি সমিতির মালিক কৃষ্ণ কান্ত দাস বলেন, সমবায় দিবস আসলে আমরা সবাই অফিসে একটা খরচ দিয়ে আসি। পপুলার সমিতির মালিক মো. ফরিদ চৌধুরী সবার কাছ থেকে চাঁদা তুলে অফিসে দিয়ে আসেন। আমাকে দুই হাজার টাকা চাঁদা দিতে হবে।
এ বিষয়ে পপুলার মাল্টিপারপাস কোঅপারেটিভ লিমিটেডের মালিক মো. ফরিদ চৌধুরী বলেন, সমবায় দিবসে অনুষ্ঠান সফল করার জন্য আমাদের একটা চাঁদা দিতে হয়। আমি সমবায় অফিসে ৫ হাজার টাকা দিয়েছি। মূলত: সমবায় দিবস আসলে আমরা সবাই বৈঠক করে অফিসে অনুষ্ঠানের জন্য একটা খরচ দিয়ে আসি।
উপজেলা সমবায় কর্মকর্তা মো. হাসান রকি জানান, উপজেলায় মোট ২৬৪টি সমবায় সমিতি রয়েছে। আগামী তিন মাসের মধ্যে কিছু সমিতি বাদ দেয়া হবে। সমবায় দিবস পালনের জন্য সরকারিভাবে ২০ হাজার টাকা বরাদ্দ এসেছে। তার থেকে ভ্যাট আইটি বাদ যাবে। দিবস পালনের জন্য মূলত: অনেক খরচ হয়। সব সমবায় সমিতির মালিকেরা অনুষ্ঠানের দিন একটু মোরগ পোলাউ খাবে বলে তারা দাবি জানিয়েছে। তার প্রেক্ষিতে সাধ্যনুযায়ী যে যা পারছে দিচ্ছে। এখানো জোর জবরদস্তি কিছু চাওয়া হয়নি।
