পিরোজপুরে ক্রিষ্টাল আইচসহ গ্রেফতার ৩ ॥ গাড়ী জব্দ
পিরোজপুরের পৌরশহর থেকে ক্রিষ্টাল আইচসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পিরোজপুর সদর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, পিরোজপুর পৌরসভার পশ্চিম শিকারপুর এলাকার মো. মোশারেফ হোসেনের ছেলে ফয়সাল মোর্শেদ সজিব (৩০), সদর উপজেলার শারিকতলা ডুমরিতলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হান্নান ফকিরের ছেলে লালন ফকির (২৬) এবং চালনা নামাজপুর এলাকার মৃত আবুল বাশার শেখের ছেলে রিপন শেখ।
মঙ্গলবার দিবাগত ভোররাতে পৌরসভার শিকারপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান পিরোজপুর সদর থানার ওসি আ. জা. মো. মাসুদুজ্জামান।
তিনি জানান, পিরোজপুর জেলার মাদক দ্রব্য উদ্ধার অভিযানের আওতায় গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার একটি দল ক্রিষ্টাল আইচসহ তিন জনকে গ্রেফতার করেছে। তাদের দেহ তল্লাশী চালিয়ে ১.০৫ গ্রাম ক্রিষ্টাল আইচ পাওয়া যায়। তাদের সাথে থাকা একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
