মিথ্যা অভিযোগের প্রতিবাদে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন ও মানববন্ধন
পিরোজপুরের নাজিরপুর উপজেলার ২নং মালিখালী ইউপি চেয়ারম্যান রুহুল আমীন বাবলুর বিরুদ্ধে মিথ্যা দুর্নীতি-অনিয়মের অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে ইউনিয়নের বিভিন্ন স্তরের মানুষ।
বুধবার সকালে নাজিরপুর আওয়ামী লীগ অফিসের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরের স্বাধীনতা মঞ্চে গিয়ে এক পথ সভা অনুষ্ঠিত হয়। পরে নাজিরপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন ইউপি চেয়ারম্যান রুহুল আমীন বাবলু।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউপি চেয়ারম্যান রুহুল আমীন বাবলু বলেন, আমার ইউনিয়ন পরিষদের কয়েকজন ইউপি সদস্য আমার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন, এবং অবাস্তব অভিযোগ এনে মানহানিকর অবস্থা সৃষ্টি করে অপপ্রচার চালাচ্ছে। বিগত ইউপি নির্বাচনে পরাজিত কিছু বিদ্রোহী লোকজন জড়িত থেকে এসব কর্মকান্ড করছে। তারা আমার ভাবমূর্তি বিনষ্টে একটি প্রেস রিলিজ তৈরী করে বিভিন্ন সংবাদ মাধ্যমে তা প্রকাশের জন্য অপতৎপরতা চালাচ্ছে।
তিনি আরো বলেন, আমার কোন স্বাক্ষাৎকার না নিয়ে একটি মহল তারা ইউনিয়ন পরিষদের ১১ জন মেম্বারের স্বাক্ষরিত দরখাস্ত আনায়নের কথা বললেও ওই দরখাস্তে সংরক্ষিত মহিলা সদস্য সামসুন্নাহার (৭,৮,৯) ও শোভা রানী মন্ডল (৪,৫,৬)সহ ২নং ওয়ার্ড সদস্য নাজমুল হাওলাদার, ৭নং ওয়ার্ড সদস্য নাছিম ও ৯নং ওয়ার্ড সদস্য কদম আলীর স্বাক্ষর জাল করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম দারিয়া, মালিখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উত্তম কুমার হালদার, ইউনিয়ন যুবলীগের সভাপতি রিপাস সমদ্দার, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কেশব লাল বিশ্বাস, সাবেক সভাপতি বিনয় কৃষ্ণ রায়, আতিয়ার রহমানসহ ইউনিয়নের বিভিন্ন স্তরের জনগণ।
