নাজিরপুরে আগুনে পুড়লো ৪ ব্যবসা প্রতিষ্ঠান : ইউনিয়ন পরিষদে পেট্রোল বোমা নিক্ষেপ
পিরোজপুরের নাজিরপুরে দুর্বৃত্তদের দেয়া আগুনে ৪টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীদের দাবী। মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কবিরাজ বাড়ী বাজারে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে। এছাড়া একই রাতে উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়ন পরিষদে পেট্রোল বোমা নিক্ষেপ ও উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের অতুলনগর গ্রামের পিরোজপুর-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপর আগুন দেয় দুর্বৃত্তরা।
উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. রাসেল শিকদার বলেন, কবিরাজ বাড়ি বাজারে দুর্বৃত্তদের দেয়া আগুনে বাজারের মোস্তফা মাঝির মুদি দোকান, শাহীন ভুইয়ার পার্টেস দোকান, আরাফাতের দর্জি দোকান ও সামাদ মাঝির একটি দোকান ঘর পুড়ে গেছে।
ভুক্তভোগী মোস্তফা মাঝি জানান, তিনি উপজেলার সদর ইউনিয়ন জামায়াতের জেষ্ঠ্য সহ-সভাপতি। আওয়ামী লীগের লোকজন তার দোকানে আগুন দিতে পারে। এতে তার প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে।
উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কবির হোসেন শেখ বলেন, রাত দেড়টার দিকে তিনি মোবাইল ফোনে খবর পান তার ইউনিয়ন পরিষদে পেট্রোল বোমা মেরে আগুন দেয়া হয়েছে। এতে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে রাখা টিসিবি’র কিছু মালামাল পুড়ে গেছে। ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. জাকির হোসেন খান বলেন, আগুন দেয়ার খবর শুনে তিনি লোকজন নিয়ে এসে দেখেন আগুন নিয়ন্ত্রনে।
উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত ষ্টেশন কর্মকর্তা মো. সোয়াহিব হোসেন মুন্সি বলেন, কবিরাজ বাড়ি বাজারে আগুনের খবর পেয়ে সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রনে কাজ করেছেন। আগুনে ৪টি দোকান পুড়ে গেছে।
উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুস সালাম বলেন, পিরোজপুর-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মাটিভাঙ্গার অতুল নগর এলাকায় রাত ১১টার দিকে রাস্তার উপর কাঠ দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
নাজিরপুর থানার অফিসার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, অগ্নিসংযোগের খবর পেয়ে সরেজমিন পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান জানান, অগ্নিসংযোগের ঘটনা নাশকতার উদ্দেশ্যে করা হয়েছে। জড়িতদের সনাক্ত করে বিচারের দাবী জানান তিনি।
