ভোক্তা স্বার্থ রক্ষায় অবদানের জন্য সম্মাননা পেলেন মহিউদ্দিন মহারাজ
ভোক্তা অধিকার রক্ষায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ভান্ডারিয়ার সন্তান মো. মহিউদ্দিন মহারাজ।
বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) থ্রিডি রুমে ভোক্তা অধিকার সম্মেলন-২০২২ অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়।
সম্মাননা হিসেবে ক্রেস্ট তুলে দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুব কবীর মিলন।
ভোক্তা অধিকার সংস্থা কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) এ বছর ৪ জনকে এই সম্মাননা প্রদান করেছে। ভোক্তা স্বার্থে অসামান্য অবদানের জন্য সম্মাননা পেয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুব কবীর মিলন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার এবং পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ।
