বাগেরহাটে সন্ত্রাসী হামলায় স্বেচ্ছাসেবক ও শ্রমিক লীগের ৫ নেতা আহত
বাগেরহাটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে যাওয়ার জন্য নেতাকর্মীদের আমন্ত্রণ জানিয়ে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলায় স্বেচ্ছাসেবক ও শ্রমিক লীগের ৫ নেতা গুরুত্বর আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বাগেরহাট সদর উপজেলার আড়পাড়া বাজারে এ হামলার ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। এ ঘটনায় আহত শ্রমিক লীগ নেতা রায়হান হোসাইনের বাবা আবু সাইদ বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬/৭জনকে আসামী করে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের করেছেন।
আহতরা হলেন, বাগেরহাট সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আক্তার বিল্লাহ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহফুজ বিল্লাহ, বারুইপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহির মল্লিক, সাধারণ সম্পাদক ফেরদাউস মোড়ল এবং বারুইপাড়া ইউনিয়ন শ্রমিকলীগের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রায়হান হোসাইন। আশঙ্কাজনক হওয়ায় আক্তার বিল্লাহকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে জহির মল্লিক বাড়ি ফিরেছেন। অন্যরা বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সদর হাসপাতালে চিকিৎসাধীন বাগেরহাট সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহফুজ বিল্লাহ বলেন, বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বে শুক্রবার সকালে টুঙ্গিপাড়াস্থ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যাওয়ার কথা ছিল। এজন্য বৃহস্পতিবার রাতে স্থানীয় নেতাকর্মীদের আমরা আমন্ত্রণ জানাতে যাই। উজলপুর বাজারে নেতাকর্মীদের সাথে কথা বলে দুটি মোটর সাইকেলে করে আমরা বাড়ি ফিরছিলাম। পথিমধ্যে আড়পাড়া বাজারে পৌঁছালে রাস্তার উপর বেঞ্চ ও গুণা ফেলে আমাদের পথ আটকানো হয়। মোটর সাইকেল নিয়ে রাস্তার পাশ থেকে যাওয়ার চেষ্টা করি। এসময় বারুইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হায়দার মোড়লের ছেলে অনিক মোড়ল, স্থানীয় মোস্তাকিন মোড়ল, হালিম মোড়ল, এরশাদ মোড়ল, ইরফান মোড়ল, ইমাম মোড়লসহ ৪০/৫০ জন আমাদেরকে এলাপাথারি মারপিট শুরু করে। এতে আমরা সবাই মোটর সাইকেল থেকে পরে যাই। তারা ধারালো অস্ত্র দিয়ে আমাদের কোপাতে থাকে।
বারুইপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের সদস্য সচিব ও বাগেরহাট পৌরসভার নকশাকার ইঞ্জিনিয়ার রায়হান হোসাইন বলেন, দলীয় কাজ শেষে ফেরার পথে কোন কারণ ছাড়াই আমাদের উপর হামলা করেছে। এতে আমরা ৫জন গুরুত্বর আহত হয়েছি।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, আড়পাড়া এলাকায় হামলার ঘটনায় আহত রায়হান হোসাইনের বাবা আবু সাইদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।
