প্রধান সূচি

হচ্ছে না জেলা পরিষদের নির্বাচন ॥ বর্তমান পরিষদ দায়িত্ব পালন করবে

আপাতত হচ্ছে না জেলা পরিষদ নির্বাচন। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে বর্তমান জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে সরকারী পরিপত্র জারী করা হয়েছে।
ফলে পিরোজপুরসহ দেশের সকল জেলা পরিষদের বর্তমান পরিষদ পরবর্তী নির্বাচন বা নির্দেশনা না দেয়া পর্যন্ত দায়িত্ব পালন করবে।
২০১৬ সালের ২৮ ডিসেম্বর দেশে প্রথমবারের মতো জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ জনপ্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন তরুণ রাজনীতিবিদ মো. মহিউদ্দিন মহারাজ।
নির্বাচনের পরে শপথ গ্রহণ পূর্বক জেলা পরিষদের প্রথম সভার তারিখ হতে মেয়াদ ৫ বছর। চলতি জানুয়ারী মাসে দেশের জেলা পরিষদরসমূহের মেয়াদ ৫ বছর পূর্ণ হবে। তবে জেলা পরিষদ আইন-২০০০ এর ধারা ৫ অনুযায়ী জেলা পরিষদসমূহের মেয়াদ পরিষদের প্রথম সভার তারিখ হতে ৫ বছর হলেও পরবর্তী পরিষদ (নির্বাচিত/মনোনীত) প্রথম সভায় মিলিত না হওয়া পর্যন্ত পূর্ববর্তী পরিষদ দায়িত্ব পালন করতে পারবে।
উক্ত আইনের ৫ ধারা মতে বর্তমান জেলা পরিষদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বর্তমান পরিষদকে দায়িত্ব পালনের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
রবিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, জেলা পরিষদ শাখার উপ সচিব মোহাম্মদ তানভীর আজম ছিদ্দিকী স্বাক্ষরিত এক পত্রে এ নির্দেশনা দেওয়া হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial