পিরোজপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
পিরোজপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার পিরোজপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) সকালে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন ও গোপাল কৃষ্ণ টাউন ক্লাব সড়কে মানববন্ধন করে।
মানববন্ধনে সরকারী-বেসরকারী কর্মকর্তাসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা দুর্নীতির বিরুদ্ধে এক হয়ে দুর্নীতিকে ‘না’ বলতে আহবান জানান।
পিরোজপুর স্বাধীনতা মঞ্চ প্রাঙ্গণে সমস্বরে জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীন ও দুদক পতাকা উত্তোলন করেন দুপ্রক জেলা কমিটির সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী।
মানববন্ধন শেষে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে দুপ্রক জেলা কমিটির সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালেদা আখতার হেনার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল ইসলাম থান্দার, সহকারী অধ্যাপক জাহিদুল ইসলাম, সনাক-টিআইবি সভাপতি এডভোকেট শহীদুল্লাহ খান, পৌর প্যানেল মেয়র আব্দুল হাই, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি খান আলমগীর, মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাতোয়ারা বেগম, প্রেসক্লাবের সদস্য সচিব রেজাউল ইসলাম শামীম, এনজিও সংগঠক মইনুল আহসান মুন্না, ডাক দিয়ে যাই কর্মী উজ্জ্বল দত্ত, ব্যবসায়ী নেতা মহিউদ্দিন আকন প্রমুখ।
