ফোন করলেই পৌছে যাবে বিনামূল্যে অক্সিজেন
পিরোজপুরে চালু হয়েছে বিনামূল্যে অক্সিজেন ব্যাংক। মহামারী করোনার সেবা দেয়ার জন্য বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এ্যান্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশন পিরোজপুর জেলা শাখা বিনামূল্যে এই অক্সিজেন ব্যাংক সেবা চালু করেছে।
আজ বুধবার সকালে জেলা হাসপাতালের সামনে বিনামূল্যে অক্সিজেন বিতরণ করে ব্যাংকের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকি, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।
এসময় বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এ্যান্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি ডা. মিজানুর রহমান বাদল, সাধারণ সম্পাদক ডা. সঞ্জিত কুমার মন্ডলউপস্থিত ছিলেন।
ওনার্স এসোসিয়েশনের সভাপতি ডা. মিজানুর রহমান বাদল বলেন, আমরা প্রাথমিকভাবে ২১টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে এই বিনামূল্যে ব্যাংকিং কার্যক্রম শুরু করেছি। পরবর্তীতে প্রয়োজনে আমরা আরো অক্সিজেন সরবারহ করবো। আমাদের রয়েছে একটি হেল্পলাইন নাম্বার ০১৯১১-৮৮৯৭২০০। যেখানে ফোন করলেই পৌছে যাবে অক্সিজেন। এছাড়াও প্রাথমিক ভাবে ১০টি অক্সিমিটার বিতরণ করা হয়েছে।
তিনি আরও জানান, করোনা আক্রান্ত রোগিদের প্রাথমিক চিকিৎসা ও পরবর্তী করণীয় (টেলি মেডিসিন) সম্পর্কে ধারণা দেয়ার জন্য রয়েছে তাদের আরও একটি হেল্প লাইন নাম্বার-০১৭৭০-৫৪৪০০৪।
