বরিশাল বিভাগে বাড়ছে করোনা শনাক্তের হার : পিরোজপুরে সবচেয়ে বেশী
বরিশাল বিভাগে বাড়ছে করোনা শনাক্তের হার। আর শনাক্তের হার পিরোজপুর জেলায় সবচেয়ে বেশী। বিভাগের ৬ জেলায় শুক্রবার সকাল ৮টা থেকে গত ২৪ ঘণ্টায় ২৪৮ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।
বিভাগে শনাক্তের হার ৩৪ দশমিক ৭৩। এরমধ্যে পিরোজপুর জেলায় নমুনা পরীক্ষার অর্ধেকেরও বেশি পজিটিভ শনাক্ত হচ্ছে। জেলায় শনাক্তের হার ৫১ দশমিক ৮৫। গত ২৪ ঘণ্টার মধ্যে করোনা শনাক্ত হয়ে বরিশালে ১ জন মারা গেছেন।
এদিকে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও ৬ জন মারা গেছেন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের ৬ জেলায় ৭১৪ জনের নমুনা পরীক্ষায় ২৪৮ জনের করোনা পজিটিভ আসে। পিরোজপুর জেলায় ১০৮ জনের নমুনা পরীক্ষায় ৫৬ জনই পজিটিভ শনাক্ত হন। সবচেয়ে বেশী পরীক্ষা ও শনাক্ত হয়েছে বরিশাল জেলায়। জেলায় শনাক্তের হার ৪১ দশমিক ৪২। ২৬৮ জনের নমুনা পরীক্ষা করে ১১১ জন পজিটিভ শনাক্ত হন বরিশালে। করোনা সংক্রমন বরগুনা জেলাতেও বেড়ে চলছে। বরগুনায় গত ২৪ ঘণ্টায় ৫৮ জনের নমুনা পরীক্ষায় ২৩ জন পজিটিভ শনাক্ত হন। শনাক্তের হার ৩৯ দশমিক ৬৬। পটুয়াখালীতে শনাক্তের হার ৩৭ দশমিক ৫০। এ জেলায ৪৮ জনের নমুনা পরীক্ষায় ১৮ জনের ফল পজিটিভ আসে।
এছাড়া ভোলায় ৩৬ জনের নমুনা পরীক্ষায় ৮ জন এবং ঝালকাঠিতে ১৯৬ জনের নমুনা পরীক্ষায় ৩২ জন পজিটিভ হয়েছেন। এ দুই জেলাতে শনাক্তের হার যথাক্রমে ২২ দশমিক ২২ ও ১৬ দশমিক ৩৩।
স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক ডা. শ্যামল কৃঞ্চ মন্ডল বলেন, বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিনই আগের দিনের চেয়ে বাড়ছে, যা উদ্বেগজনক। শুক্রবার ২৪৮ জন ছিল বরিশালে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণ। এর আগে বৃহস্পতিবার এক হাজার ৭ জনের নমুনা পরীক্ষায় ২৮৬ জন পজিটিভ শনাক্ত হন, যা এ পর্যন্ত বরিশাল বিভাগে একদিনে সর্বোচ্চ সংক্রমণ।
