পিরোজপুরে এনায়েত মোল্লা হত্যা মামলায় ৬ আসামী জেলা হাজতে
পিরোজপুর সদর উপজেলার খানাকুনিয়ারি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এনায়েত মোল্লাকে কুপিয়ে হত্যা মামলায় ৬ আসামীকে জেল হাজতে প্রেরণ করেছে জেলা ও দায়রা জজ আদালত।
আজ বুধবার জেলা ও দায়রা জজ মুহা. মুহিদুজ্জামান তার আদালতে এ রায় দেন। আসামীরা হল- সদর উপজেলার খানাকুনিয়ারি গ্রামের মো. শুভ শেখ, মো. সুজন শেখ, মো. জীবন মোল্লা, মো. সজিব সেখ, মো. কাওসার শেখ ও মেহেদী মীর।
সরকারী কৌসুলী (পিপি) খান মো. আলাউদ্দিন জানান, আলোচিত এনায়েত মোল্লাকে কুপিয়ে হত্যা মামলায় ৮ জন আসামী হাইকোর্টে গেলে হাইকোর্ট তাদের দুইজনকে ২৮ দিনের জামিন দেয় এবং বাকি ৬ জন আসামীকে ১৬ সেপ্টেম্বরের মধ্যে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়। বুধবার ৬ আসামী পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেলা হাজতে প্রেরণ করেন।
উল্লেখ্য, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ২৮ জুন পিরোজপুর সদর উপজেলার খানাকুনিয়ারি গ্রামে প্রতিবেশী এনায়েত মোল্লাকে (৬০) কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে জখম করে পিরোজপুর জেলা হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক মোতালেব সেখের নেতৃত্বাধীন ১৪/১৫ জনের একটি দল। গুরুতর জখম এনায়েতকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ৩০ জুন সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এনায়েত মোল্লা মারা যান। এ ঘটনায় এনায়েত মোল্লার ছেলে আল-আমীন বাদী হয়ে মোতালেব সেখ এবং তার দুই ছেলেসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং আরও ৩/৪ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করেন।
