পাইকগাছায় অস্বাভাবিক জোয়ারে বেঁড়িবাধ উপছে গ্রাম প্লাবিত
পাইকগাছায় অস্বাভাবিক জোয়ারের তোড়ে ১৮/১৯নং পোল্ডারের লতার উত্তর কাঠামারীতে পাউবো’র বেঁড়িবাধ উপছে গ্রামে পানি প্রবেশ করেছে। বৃহস্পতিবার দুপুরের জোয়ারেরর চাপে ওয়াপদার বাহির অংশে মৎস্য ঘের তলিয়ে বেঁড়িবাধ উপছে পোল্ডারে পানি ঢুকছে। অন্যদিকে ২০নং পোল্ডারের দেলুটির গেউবুনিয়া ও পারমধুখালী প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে ১০/১২নং পোল্ডারের গড়ইখালীতে বাঁধ ভেঙ্গে বাজার প্লাবিত হয়েছে। কুমখালীর ক্ষুতখালীতে বিপদজনক বেঁড়িবাধে বালির বস্তা ও মাটি ফেলা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
অন্যদিকে, বুধবার দুপুরে ২৩নং পোল্ডারের সোলাদানা ইউপির বয়ারঝাপায় ভেঙ্গে যাওয়া বেঁড়িবাধ মেরামত করে বড় ধরনের বিপদ এড়ানো গেছে। এর পূর্বে কয়েক ঘন্টার জোয়ারের পানিতে এলাকার শত শত চিংড়ি ঘের, রাস্তা-ঘাট, ঘরবাড়ি ও সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে।
সংশ্লিষ্ট পাউবোর শাখা প্রকৌশলী মো. ফরিদ উদ্দীন জানান, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর তত্বাবধানে স্থানীয় ইউপি চেয়ারম্যান-মেম্বর, রাজনৈতিক নেতা-কর্মীসহ এলাকার শত শত মানুষ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বুধবার বিকেলে ভাঙ্গন কবলিত বেঁড়িবাধ মেরামত করে এলাকা রক্ষা করেন।
উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, বেঁড়িবাধ সংস্কার ও মানুষের জানমাল রক্ষার্থে প্রশাসনের সব ধরনের প্রচেষ্টা আছে। এ বিষয়ে ইতোমধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ক্ষতিগ্রস্থ ও ঝুঁকিপূর্ন বেঁড়িবাধ সংস্কারের প্রস্তাবনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুমোদন দিয়েছেন। অচিরেই দাতা সংস্থা জাইকার অর্থায়নে বাঁধের কাজ শুরু হবে।
