প্রধান সূচি

ঝালকাঠি বাস মালিক সমিতির খামখেয়ালীপনা

১৫ দিনেও চালু হয়নি পিরোজপুর-বরিশাল রুটে বাস চলাচল

ঝালকাঠি বাস মালিক সমিতির খামখেয়ালির কারণে গত ১৫ দিন ধরে পিরোজপুর থেকে বরিশাল, ঝালকাঠী, কাউখালী, স্বরূপকাঠীসহ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এছাড়া জেলার মঠবাড়িয়া, ভান্ডারিয়া, কাউখালী, স্বরূপকাঠী, পাথরঘাটা, কাঠালিয়া উপজেলা সদর থেকেও বরিশাল ও ঝালকাঠীগামী বাস চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে বরিশাল-খুলনা সরাসরি বাস চলাচলও।

পিরোজপুরের কাউখালী ও স্বরূপকাঠী উপজেলা রুটে পিরোজপুর থেকে বাস চলাচল করতে ঝালকাঠী জেলার কিছু অংশের উপর দিয়ে যেতে হয়। ঝালকাঠী বাস মালিক সমিতির সাথে দ্বন্দ্বের কারণে ঝালকাঠী জেলার সীমানার মধ্য দিয়ে বাস চলাচলেও তারা বাঁধা দেওয়ার কারণে পিরোজপুরের এ দুটি উপজেলার সাথে জেলা সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাস চলাচলে প্রশাসনসহ বিভিন্ন স্তরের চেষ্টার পরেও সমস্যার কোন সমাধান করতে পারেনি পিরোজপুর বাস-মিনিবাস মালিক সমিতি। ফলে যাত্রীদের ভোগান্তির পাশাপাশি মানবেতর জীবন যাপন করছে বাস শ্রমিকরা।

গত ১৫ জুন বরিশালের রূপাতলী বাস টার্মিনালে এক বাস চালককে মারধরের জের ধরে পিরোজপুর থেকে ঝালকাঠির উপর দিয়ে বরিশালগামী সকল বাস চলাচল বন্ধ রয়েছে। ঘটনার পর ১৫ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত পিরোজপুর থেকে বরিশালগামী বাস চলাচল বন্ধ রয়েছে। তবে ঝালকাঠি থেকে নিয়মিত বাস ছেড়ে যাচ্ছে বরিশালের কালিজিরা সেতুর দক্ষিন প্রান্ত পর্যন্ত। কিন্তু সেগুলা বরিশাল অংশে প্রবেশ করছে না। এসব বাসও বরিশাল রূপাতলী বাসষ্ট্যান্ডে যাচ্ছে না। ঝালকাঠি বাস মালিক সমিতি নিজেদের উদ্যোগে কালিজিরা সেতুর দক্ষিন প্রান্তে একটি বাসষ্ট্যান্ড বানিয়ে সেখান পর্যন্ত তাদের বাস চলাচল করছে।

পিরোজপুর বাস-মিনিবাস সমিতি ও বাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের দাবি ঝালকাঠি বাস মালিক সমিতির অযৌক্তিক দাবী ও খামখেয়ালির কারণে পিরোজপুর থেকে বরিশালগামী বাস চলাচল বন্ধ রয়েছে। এছাড়া পিরোজপুর-ঝালকাঠি-বরিশাল সড়কের সবচেয়ে দীর্ঘতম অংশ ঝালকাঠির মধ্যে থাকায় তারা একচ্ছত্র আধিপত্য বিস্তারের চেষ্টা করছে বলেও অভিযোগ পিরোজপুর বাস শ্রমিকদের।

দীর্ঘদিন ধরে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের পাশাপাশি মারাত্মক ভোগান্তিতে পড়েছে কয়েকশত বাস ড্রাইভার ও শ্রমিক। দৈনিক মজুরির উপর নির্ভর করে চলা শ্রমজীবী পেশার এ মানুষগুলোর উপার্জনের একমাত্র পথ বন্ধ হয়ে যাওয়ায় তারা মানবেতর জীবন যাপন করছেন। ১৫ দিন ধরে তারা অন্যের কাছ থেকে ধার দেনা করে চলছেন। তবে দিন যতই বাড়ছে ধার দেনার এ পথও তাদের বন্ধ হয়ে যাচ্ছে।

বাস-মিনিবিাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হান্নান সেখ জানান, সমস্যার সমাধানের জন্য পিরোজপুর বাস-মিনিবাস মালিক সমিতি একাধিকবার ঝালকাঠি বাস-মিনিবাস মালিক সমিতির সাথে বৈঠকে বসলেও, এখন পর্যন্ত এর কোন সমাধান হয়নি। তবে কবে নাগাদ এ সমস্যার সমাধান হবে সেটাও তাদের কাছে এখন অনিশ্চিত। এদিকে, ঝালকাঠির রাস্তায় চেক পোষ্টের নামে চাঁদাবাজীর অভিযোগও করেন শ্রমিক নেতারা।

এ বিষয়ে কথা বলার জন্য পিরোজপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল হক খোকনের মোবাইল নাম্বারে মঙ্গলবার কয়েকবার কল দিলেও তিনি কল রিসিভি করেন নি।

বাস চলাচল বন্ধ থাকার বিষয়ে পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, পিরোজপুর থেকে ঝালকাঠী ও বরিশালগামী বাস চলাচল চালু করার বিষয়ে উদ্যোগ নেয়ার জন্য ইতিমধ্যে বরিশাল বিভাগীয় কমিশনার মহোদয়কে জানানো হয়েছে। তিনি বরিশাল, ঝালকাঠী ও পিরোজপুর জেলার বাস মালিক সমিতির নেতৃবৃন্দকে নিয়ে বিষয়টি নিষ্পত্তি করবেন বলে আশা করছি। এছাড়া জেলার কাউখালী ও স্বরূপকাঠী উপজেলায় ভিতরের রাস্তা দিয়ে পিরোজপুর সদর থেকে বাস চলাচল করার জন্য বলা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial