সমাজের অন্যায়-অনিয়মের বিরুদ্ধে ছাত্ররাই লড়াই করবে … ভারপ্রাপ্ত পুলিশ সুপার
দৈনিক অধিকার পত্রিকার সংগঠন ‘বন্ধুমঞ্চ’ এর পিরোজপুর জেলা কমিটির এক আলোচনা সভায় পিরোজপুর ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেছেন, সমাজের সকল অন্যায়, অনিয়মের বিরুদ্ধে ছাত্ররাই লড়াই করবে। তাদের লড়াই হবে মাদক, বাল্যবিবাহ ও সন্ত্রাসদের বিরুদ্ধে। এমন কর্মকান্ডে বাংলাদেশ পুলিশ ছাত্রদের পাশে সব সময় থাকবে। আমি বন্ধুমঞ্চের সকল সদস্যদের সাধুবাদ জানাই।
বুধবার সকালে পিরোজপুর শহরের কুটুমবাড়ি কমিউনিটি সেন্টারে দৈনিক অধিকারের জেলা প্রতিনিধি ইমন চৌধুরীকে সভাপতি ও প্রসনজিৎ মিস্ত্রিকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের বন্ধুমঞ্চের পিরোজপুর জেলা কমিটি ঘোষণা করেন পত্রিকার সম্পাদক তাজবীর হুসেন সজীব।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মোল্লা আজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা পরিষদের সম্পাদিকা সালমা রহমান হ্যাপী, দীপক শীল। অনুষ্ঠানে বন্ধুমঞ্চের বিভিন্ন কলেজের সদস্যরা উপস্থিত ছিলেন।
