বাগেরহাটে সমিল মিস্ত্রি কাবুল মোল্লা হত্যা ঘটনায় গ্রেফতার-৩
বাগেরহাটের মোড়েলগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে বড় ভাই সমিল মিস্ত্রি কাবুল মোল্লা হত্যা মামলায় আপন ছোট ভাইসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), বাগেরহাট।
মঙ্গলবার রাতে বরিশালের কালিজিরা ব্রিজের নিচ এলাকা থেকে এদের আটক করা হয়। পরে আটকদের তথ্য অনুযায়ী হত্যাকান্ডে ব্যবহৃত একটি লোহার রড ও একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, মোড়েলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের আলতিবুরুজবাড়িয়া গ্রামের আব্দুল গফফার মোল্লার ছেলে নিহত কাবুল মোল্লার ছোট ভাই বাবুল মোল্লা (৪৫), একই এলাকাল আব্দুল মজিদ হাওলাদারের ছেলে বাচ্চু হাওলাদার এবং মন্টু খানের ছেলে মুন্না খান (২৪)।
পুলিশ জানায়, এ বছরের ২০ জানুয়ারি রাতে পরিকল্পিতভাবে সমিল মিস্ত্রি কাবুল মোল্লাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। সকালে আলতিবুরুজ বাড়িয়া গ্রামের লাল মিয়া খানের বসত বাড়ির দক্ষিন পাশে বেড়ি বাধের উপর থেকে মরদেহ উদ্ধার করে মোরেলগঞ্জ থানা পুলিশ। ২২ জানুয়ারি নিহতের পিতা আব্দুল গফফার মোল্লা বাদী হয়ে ৪ জনকে আসামী করে মোরেলগঞ্জ থানায় একটি মামলা করেন। ২৮ জানুয়ারি মামলাটি পিবিআই, বাগেরহাটের কাছে হস্তান্তর করা হয়। আসামীরা হলেন, একই এলাকার জহর আলী শিকদারের ছেলে আব্দুর রব শিকদার (৫৭), মোঃ সুলতান মোল্লার ছেলে মোঃ খবির মোল্লা (৪৭) আব্দুর রব শিকদারের ছেলে ইয়ামিন শিকদার (২৫) এবং আব্দুর রব শিকদারের জামাতা নুরুল ইসলাম। এদের মধ্যে তিনজনকে আটক করে পুলিশ।
বাগেরহাট পিবিআই-এর পুলিশ পরিদর্শক (প্রশাসন) মো. মহসীন উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পিবিআই-এর উপ-পরিদর্শক মো. শহিদুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে বরিশালের কালিজিরা সেতুর নিচ থেকে কাবুলের আপন ছোট ভাই বাবুল মোল্লাসহ তিনজনকে আটক করতে সক্ষম হয়েছি। জিজ্ঞাসাবাদে আটককৃতরা হত্যাকান্ডের কথা স্বীকার করেছে। তাদের দেয়া তথ্য অনুযায়ী আলতিবুরুজ বাড়িয়া গ্রাম থেকে হত্যাকান্ডে ব্যবহৃত একটি লোহার রড ও ছুরি উদ্ধার করা হয়েছে। মূল রহস্য উদঘাটনের জন্য অধিকতর তদন্ত চলছে।
