পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে ১৪ প্রার্থীর মনোনয়ন জমা
পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে উৎসব মূখর পরিবেশে চেয়ারম্যান পদে ৪, ভাইস চেয়ারম্যান পদে ৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ প্রার্থীসহ মোট ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ইউএনও জুলিয়া সুকায়না ও দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) ডা. মো. আব্দুল আউয়ালের কাছে প্রার্থীরা মনোনয়ন জমা দেন।
চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও জেলা সহ-সভাপতি গাজী মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. রশীদুজ্জামান, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নুরুল হকের ছেলে শেখ মনিরুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট শেখ আবুল কালাম আজাদ।
ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, উপজেলা আওয়ামী লীগ নেতা শিহাব উদ্দীন ফিরোজ বুলু, শিক্ষক সুকৃতি মোহন সরকার ও উপজেলা তাঁতী লীগের সভাপতি দেবব্রত রায়।
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাসুমা খাতুন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ময়না খাতুন, সাধারণ সম্পাদক ফাতেমাতুজ্জোহরা রূপা, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি শেখ জুলি, উপজেলা যুবলীগের সাবেক মহিলা সম্পাদক ও সাবেক ইউপি সদস্য নাজমা কামাল ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিপিকা ঢালী।
আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী গাজী মোহাম্মদ আলী খুলনা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমানের কাছে মনোনয়ন জমা দিয়েছেন বলে জানা গেছে।
