কন্ঠ রিপোর্ট :
বিনম্র শ্রদ্ধায় মহান শহীদ দিবস পালিত
মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে জয়ী বীর বাঙালি জাতি আবারও বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছে তার গর্বিত পূর্বসূরিদের।
দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখা, রাজনৈতিক স্থিতিশীলতা, সাধারণ মানুষের নিরাপত্তা আর সমাজে শান্তির সুবাতাস বইয়ে দেওয়ার অঙ্গীকারে বৃহস্পতিবার পিরোজপুরসহ সারাদেশে পালিত হলো মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
পিরোজপুর জেলা সদর থেকে শুরু করে বিভিন্ন উপজেলার প্রত্যন্ত অঞ্চলের শহীদ মিনারের বেদিগুলোও এদিন ভরে ওঠে ফুলেল শ্রদ্ধায়। ফাল্গুন ভোরের হিম হাওয়ায় নগ্ন পদে সবাই ছুটে যান শহীদ মিনারে। মা, মাটি, দেশ আর মাতৃভাষার প্রতি বাঙালির অপরিসীম মমত্ববোধের চিরায়ত প্রকাশ ঘটে এদিন। ভাষার জন্য আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি শিশু-কিশোর, বৃদ্ধ, যুবা, তরুণ-তরুণী, ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সবাই সারিবদ্ধভাবে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় সবার কন্ঠে ছিল অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি…।’
বুধবার মধ্যরাতে ঘড়ির কাঁটা ১২টা ছোঁয়ার আগেই জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীদের সারি দেখা যায় পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে।
একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান, জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবীর, পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক, জেলা
মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন, সরকারী সোহরাওয়ার্দী কলেজ, জাসদ, উদীচী শিল্পি গোষ্ঠী, পিরোজপুর প্রেসক্লাব, পিরোজপুর জেলা টিভি জার্নালিস্ট এসোসিয়েশন, নাসিং ইনিষ্টিটিউট, পিটিআইসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান।
সকাল ৭ টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে বের হয় একুশের প্রভাত ফেরী। জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত প্রভাত ফেরীতে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমান, জেলা উদীচী সভাপতি এডভোকেট এম এম মান্নান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ মাহমুদ, সদর থানার ওসি এস এম জিয়াউল হক, জেলা শিল্পকলা একাডেমীর সম্পাদক জিয়াউল আহসান গাজীসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ গ্রহণ করেন।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
শহরের টাউন ক্লাব মাঠের স্বাধীনতা মঞ্চে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমানের সভপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। 
বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, পিরোজপুর সরকারি সোহ্রাওয়ার্দী কলেজের অধ্যক্ষ ড. মো. গোলাম কিবরিয়া, জেলা উদীচী সভাপতি এডভোকেট এম এ মান্নান, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল হাসান গাজী, জেলা যুবলীগের সভাপতি আক্তারুলজামান ফুলু।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝুমুর বালা, পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জিয়াউল হক, পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু প্রমুখ।
