সুন্দরবনে বন্দুকযুদ্ধে বনদস্যু নিহত
সুন্দরবনে কোস্ট গার্ড এর সাথে বন্দুকযুদ্ধে বনদস্যু আছাবুর বাহিনীর অজ্ঞাতনামা এক সদস্য (২৬) নিহত হয়েছে। রবিবার গভীররাতে সুন্দরবনের সোনাইমুখি খাল সংলগ্ন এলাকায় এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এসময় ৪টি দেশীয় একনলা বন্দুক ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। নিহতের মরদেহ, অস্ত্র ও গোলাবারুদ দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড নলিয়ান আউটপোস্টের একটি দল সোনাইমুখি খাল সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এসময় ডাকাতরা কোস্টগার্ড এর উপস্থিতি টের পেয়ে কোস্টগার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। কোস্টগার্ডও পাল্টা গুলি ছোড়ে। কিছুক্ষন পরে ডাকাতরা পিছু হটে। ঘটনাস্থল পরিদর্শন করে আছাবুর বাহিনীর অজ্ঞাতনামা এক সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে খুলনার দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ, অস্ত্র ও গোলাবারুদ পরবতী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।
