সুন্দরবনের ভদ্রা নদীতে কুমির অবমুক্ত
বাগেরহাটের পূর্ব সুন্দবনের ভদ্রা নদীতে ৪টি কুমির অবমুক্ত করা হয়েছে। শুক্রবার দুপুরে সুন্দরবন পূর্ব বনবিভাগের পক্ষ থেকে এ কুমির হস্তান্তর করা হয়।
কুমির হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিববর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার তালুকদার।
অনুষ্ঠানে খুলনা অঞ্চলের বন সংরক্ষক আমীর হোসেন চৌধুরী, মোংলা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম, বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মো. মদিনুল আহসান, সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মো. মাহমুদুল হাসান, সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মো. বশিরুল আল মামুন, বাগেরহাট পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. এমদাদুল হক, করমজল বন্য প্রাণী প্রজনণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মো. মদিনুল আহসান বলেন, সুন্দরবনের নদ নদীতে কুমিরের সংখ্যা বৃদ্ধি করে প্রতিবেশ ও পরিবেশের ভারসাম্য রক্ষা করতে করমজল বন্য প্রাণী প্রজনণ কেন্দ্র থেকে ৪টি কুমির ভদ্রা নদীতে অবমুক্ত করা হয়েছে। এর মধ্যে ৩টি নারী ও একটি পুরুষ কুমির রয়েছে। পর্যায়ক্রমে আরও কুমির সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে অবমুক্ত করা হবে।
করমজল বন্য প্রাণী প্রজনণ কেন্দ্রে ২০৭টি কুমির রয়েছে। এদের মধ্যে ৮ থেকে ৯ বছর বয়সী ৩৩টি কুমির আছে। যার মধ্যে ২৫টি নারী ও ৮টি পুরুষ। এদের থেকে ৩টি নারী ও একটি পুরুষ কুমিরকে একটি স্বয়ংসম্পূর্ণ পরিবার বিবেচনায় ভদ্রা নদীতে অবমুক্ত করা হয়েছে। এ নদীতে মাছ আহরণ নিষিদ্ধ।
