পিরোজপুরে তারেক রহমানের ফাঁসির দাবীতে আইনজীবীদের সমাবেশ
২১ আগষ্ট গ্রেনেড হামলার পরিকল্পনাকারী ও মদদদাতা তারেক রহমানসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সকল আসামীদের ফাঁসির দাবীতে পিরোজপুরে সমাবেশ করেছে আইনজীবীরা। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ পিরোজপুর জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার সকালে জেলা জজ আদালত চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সিনিয়র আইনজীবী ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা চন্ডিচরণ পাল। বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হাকিম হাওলাদার, জেলা আইনজীবি সমিতির সভাপতি খান মো. আলাউদ্দিন, সরকারি কৌশলী শহিদুল ইসলাম পান্না, নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি আব্দুর রাজ্জাক খান বাদশা, এডভোকেট মতিউর রহমান, এডভোকেট দেলোয়ার হোসেন, এডভোকেট প্রেমানন্দ হালদার প্রমুখ।
বক্তারা ২১ আগষ্ট বর্বরোচিত গ্রেনেড হামলার পরিকল্পনাকারী এবং মদতদাতা তারেক রহমানসহ সকল পলাতক আসামীদের ফিরিয়ে এনে ফাঁসির দাবী করেন। তারা বলেন, ১৫ আগষ্ট, ২১ আগষ্ট একই সূত্রে গাঁথা। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে এই পৈশাচিক গ্রেনেড হামলা চালানো হয়েছিল।
