পিরোজপুরে ইঞ্জিন চালিত রিক্সা ও ভ্যানগাড়ি আটক অভিযান
পিরোজপুর জেলা পুলিশ আজ মঙ্গলবার থেকে ব্যাটারীর মাধ্যমে ইঞ্জিন চালিত রিক্সা, ভ্যানগাড়ি আটক অভিযান শুরু করেছে। শহর এবং আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী ইঞ্জিন চালিত এসব রিক্সা এবং ভ্যান আটক করা হচ্ছে। দুপুরের পর থেকে পুলিশ এ আটক অভিযানে নামে।
পুলিশের একটি সূত্র জানায়, নিরাপদ সড়ক করতে এবং শহরের যানজট দূর করতে শহরের মধ্যে চলাচলকারী ইঞ্জিন চালিত রিক্সা এবং ভ্যানগাড়ী বন্ধ করে দেয়া হবে। শহরে শুধুমাত্র পায়ে প্যাডেলের রিক্সা চলাচল করতে পারবে। এছাড়া আঞ্চলিক মহাসড়কেও কোন প্রকার ইঞ্জিন চালিত রিক্সা বা ভ্যানগাড়ী চলাচল করতে পারবে না।
এদিকে, খোঁজ নিয়ে জানা গেছে, পিরোজপুর পৌর শহরে কয়েক হাজার ইঞ্জিন চালিত ও ভানগাড়ী চলাচল করছে। চলাচলকারী এসব রিক্সা ও ভ্যানগাড়ির চালকদের কোন প্রকার লাইসেন্স নেই। এছাড়া শিশু ও অপ্রাপ্ত বয়সীরাও ইঞ্জিন চালিত এসব রিক্সা ও ভ্যানগাড়ি চালাচ্ছে। ফলে শহরে প্রতিনিয়ত কমবেশী দুর্ঘটনা ঘটে চলছে। লেগে থাকছে জানজটও। অন্যদিকে, ব্যাটারী চালিত এসব রিক্সা ও ভ্যানে চার্জ দিতে অপচয় হচ্ছে বিদ্যুতের। ঘাটতি দেখা দিচ্ছে বিদ্যুৎ সরবরাহে। এ কারনে পিরোজপুরে বিদ্যুতের লোডশেডিং এর মাত্রাও বৃদ্ধি পাচ্ছে।
