ছারছীনা দরবার শরীফের ১২৭তম বার্ষিক মাহফিলের প্রস্তুতি সম্পন্ন
স্বরূপকাঠীর ছারছীনা দরবার শরীফের মরহুম পীর ছাহেব কেবলাদ্বয় এর ঈছালে ছওয়াব ও মাদ্রাসার বার্ষিক মাহফিল ও হিযবুল্লাহ সম্মেলনের প্রস্তুতি কাজ সম্পন্ন হয়েছে। আগামী ২৭, ২৮ ও ২৯ ফাল্গুন বাংলা মোতাবেক ১১, ১২ ও ১৩ মার্চ ২০১৮ রবি, সোম ও মঙ্গলবার এই তিনদিন মাহফিল চলবে।
১০ মার্চ ছারছীনা শরীফের পীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ ছাহেব বাদ মাগরিবের মধ্যে দিয়ে তিন দিনের এই মাহফিলের উদ্বোধন করবেন।
ইতোমধ্যে মাহফিলের প্রধান ফটক, প্যান্ডেল, মাহফিলে আসা ছারছীনা শরীফের লক্ষ লক্ষ ভক্ত, মুরিদানদের জন্য ওযু, গোসলের ব্যবস্থার যাবতীয় কাজ সম্পন্ন হয়েছে। থাকবে অস্থায়ী মেডিকেল ক্যাম্প।
ছারছীনা শরীফের মাহফিল উপলক্ষে আইন-শৃঙ্খলার পক্ষ থেকে মাহফিলে থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে. এম. তারিকুল ইসলাম বলেন, বিভিন্ন পয়েন্টে পয়েন্টে পুলিশ মোতায়নসহ সার্বিক নিরাপত্তা জোরদার থাকবে। সর্বোপরি নিরাপত্তার দিক দিয়ে কোন কমতি থাকবে না বলে তিনি জানান।
মাহফিল ইনতেজাম কমিটির সদস্যরা জানান, তিন দিনের এই মাহফিলে দেশ বরণ্য ওলামাবৃন্দ আলোচনা করবেন। এই তিন দিনে বাদ ফজর ও মাগরিব আমীরে হিযবুল্লাহ আলহাজ্ব হযরত মাওলানা পীর ছাহেব হুজুর কেবলা তার ভক্ত ও মুরিদানদের তালীম, তালকীন ও বয়ান পেশ করবেন।
আগামী ২৯ ফাল্গুন বাংলা মোতাবেক ১৩ মার্চ মঙ্গলবার যোহর নামাজবাদ দেশ, জাতি ও বিশ্বের সকল মুসলিম উম্মার কল্যাণ কামনা করে পীর ছাহেব হুজুর কেবলা আখেরী মোনাজাত পরিচালনা করবেন।
