পিরোজপুরে পৌরসভা নির্বাচনে এনসিপি’র মেয়র প্রার্থীর মতবিনিময় সভা
আগামী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর পৌরসভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সম্ভাব্য মেয়র প্রার্থী সাবেক ছাত্রদল নেতা ও পিরোজপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সদ্য এনসিপিতে যোগ দেওয়া মইনুল আহসান মুন্না সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
শুক্রবার সকাল ১১টায় পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এনসিপির জেলা আহবায়ক হুমায়ূন কবীর এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এনসিপির প্রাথমিক সদস্য হওয়া এবং এনসিপির ঘোষিত মেয়র প্রার্থী মঈনুল আহসান মুন্না বলেন, পিরোজপুর পৌরসভা দেড় শতাধিক বছরের পুরনো পৌরসভা হলেও এখানকার নাগরিকরা প্রায় সব ধরনের পৌর নাগরিক সুবিধা বঞ্চিত। পিরোজপুর পৌরসভার দীর্ঘ বছরের অব্যবস্থাপনা এবং অন্তহীন সমস্যা দূরীকরনসহ পৌর নাগরিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে তিনি আগামী পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে অংশ নিবেন।
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে তিনি পৌর নাগরিকদের সাথে গণসংযোগ শুরু করবেন বলে জানিয়েছেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এনসিপি যদি জামায়াতের সাথে জোটবদ্ধভাবে পৌর নির্বাচনে অংশ নেয়, সেক্ষেত্রে জোট যে সিদ্ধান্ত নিবে তা তিনি মেনে নিবেন।
মতবিনিময় সভায় এনসিপির জেলা সদস্য সচিব আল আমিন খান, আইন উপদেষ্টা সৈয়দ ইকবাল আহমেদসহ অন্যান্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, পিরোজপুরসহ দেশের ১০০ পৌরসভায় এনসিপি তাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে। এর মধ্যে পিরোজপুর পৌরসভায় মেয়র হিসেবে প্রার্থী হিসেবে মঈনুর ইসলাম মুন্নার নাম ঘোষণা করা হয়।
