বিএনপি সরকার গঠন করে শুরুতেই জনগণের রায়কে উপেক্ষা করে ১৮০ ডিগ্রি চোখ উল্টে দিয়েছে : মিয়া গোলাম পরোয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বিএনপি সরকার গঠন করে শুরুতেই জনগণের রায়কে উপেক্ষা করে ১৮০ ডিগ্রি চোখ উল্টে দিয়েছে। তারা গণভোটের রায়কে অস্বীকার করেছে। দুনিয়ার আর কোন সরকার গণভোটের রায়কে অস্বীকার করেছে এমন কোন নজির নেই। আর এ কারণেই দেশে এমন সংকট দেখা দিয়েছে।
তিনি বলেন, নির্বাচনে তারা গণভোটে ‘হ্যাঁ’ তে ভোট দিতে বলেছে। ‘হ্যাঁ’ তে ভোট দেওয়ার অর্থই হলো গণভোটের ৪টি প্রশ্নে যেখানে কোন নোট অফ ডিসেন্ট নেই ওই সকল ৮৪টি সংস্কার দ্বারা মেনে নিয়েছে। এখন তারা এটাকে বেআইনি বলছে।
শনিবার দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার পিরোজপুর কনভেনশন সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামী পিরোজপুরের জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে রুকন সম্মেলনে আরও বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, জামায়াতে ইসলামী ঢাকা মহানগরের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান রাযীসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
