প্রধান সূচি

পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় দুইজন গুরুতর জখম

পিরোজপুর পৌর এলাকায় প্রতিপক্ষের হামলায় দুইজনকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার মুক্তারকাঠী গ্রামের বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, মো. এমরান শেখ (২৮), এবং আ. রহিম শেখ (৩৫)। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে উভয়েই আহত হন।
আহত রহিম শেখের পরিবারের দাবি, হামলায় ১০ থেকে ১৫ জন অংশ নেয়। তাদের মধ্যে এমরান মীর, ডাবলু মীর ও আবু মীরের নেতৃত্বে হামলাটি সংঘটিত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তবে এ বিষয়ে অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
আহত রহিম শেখ জানান, সন্ধ্যার দিকে চাচাতো ভাই এমরানের সঙ্গে বাইপাস এলাকায় অবস্থানকালে স্থানীয় আবু মীরের ছেলে যুবদল নেতা ইমরান মীরের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা এলোপাতাড়িভাবে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও দাবি করেন, স্থানীয় রাজনৈতিক বিরোধের জেরেই এ হামলার ঘটনা ঘটেছে।
পিরোজপুর জেলা হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক রাজিব পাইক জানান, আহত রহিম শেখের মাথায় ৫টি এবং এমরান শেখের মাথায় ৩টি সেলাই দেওয়া হয়েছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial