পিরোজপুরে ঘোড়ার দৌঁড় প্রতিযোগিতা ও মেলা অনুষ্ঠিত
ঈদের আনন্দ ছড়িয়ে দিতে পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে দৌঁড় প্রতিযোগিতা ও গ্রাম্য মেলা। বুধবার বিকেলে পিরোজপুর সদর উপজেলার ৩নং দূর্গাপুর ইউনিয়ন পরিষদের শিকদার বাড়ির মাঠে স্থানীয় যুব সমাজের উদ্যোগে এক বর্ণাঢ্য ঘোড়ার দৌঁড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় ৮টি ঘোড়া অংশগ্রহণ করে। দিনব্যাপী এ আয়োজনকে কেন্দ্র করে মাঠ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। প্রতিযোগিতা দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে নারী, পুরুষ ও শিশুদের ঢল নামে। শিশু-কিশোরদের কোলাহলে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
আয়োজকদের তথ্যমতে, প্রায় ৪ হাজার মানুষ এ প্রতিযোগিতা উপভোগ করেন। ঘোড়ার দৌঁড়ের পাশাপাশি সেখানে বসে এক বিশাল গ্রাম্য মেলা। মেলায় বিভিন্ন ধরনের দোকানপাট, খেলনা, খাবারসহ নানা আয়োজন উপস্থিত দর্শনার্থীদের বাড়তি আনন্দ যোগায়।
অনুষ্ঠানে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা এ ধরনের আয়োজনকে গ্রামীণ ঐতিহ্য রক্ষা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের বিনোদনমূলক ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে, যাতে গ্রামের মানুষ একসঙ্গে আনন্দ ভাগাভাগি করতে পারেন।
