পিরোজপুরে সাব-রেজিস্টার ও কৃষি অফিসে দুর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন
পিরোজপুর জেলা সাব-রেজিস্টার অফিসের জমি রেজিস্ট্রেশনে ঘুষ এবং কৃষি অফিসের কর্মকর্তাদের দুর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার জেলা জাতীয়তাবাদী কৃষক দলের ব্যানারে শহরের শহীদ মিনার সড়কে ও সদর উপজেলা পরিষদের সামনে পৃথকভাবে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে জেলা কৃষক দলের সভাপতি নাসির আহম্মেদ বাচ্চুর সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল ইসলাম বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বরিশাল বিভাগীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আক্তার লায়ন হোসেন সেন্টু, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. মহসিন, পিরোজপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আখতারুজ্জামান মাসুম, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হাবিব খান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজিদ রশিদ বাপ্পি, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মিজান শেখ, সদর উপজেলা কৃষক দলের সভাপতি আতিকুর রহমান পারভেজ।
বক্তারা বলেন, অবিলম্বে রেজিস্ট্রি অফিসের ঘুষ দুর্নীতি বন্ধ করতে হবে। সাধারণ মানুষ যেন নির্বিঘেœ কাজ করতে পারে এবং দুর্নীতিগ্রস্তদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, বিগত ১৭ বছরে কৃষকের জন্য যে আধুনিক যন্ত্রপাতি সরকারের মাধ্যমে বিতরণ করা হয়েছে সেগুলো কৃষকদের মাঝে বিতরণ না করে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারা অন্যত্র বিক্রি করে ফেলেছে। অবিলম্বে এই সমস্ত কৃষি যন্ত্রপাতি কে কিভাবে কোথায় বিক্রি করেছে এগুলো অনুসন্ধানের মাধ্যমে বের করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
