পিরোজপুরে বৃদ্ধার গলায় চেইন ছিনতাই : গ্রেফতার-১
পিরোজপুর সদর উপজেলার বড় খলিশাখালী গ্রামে কোরআন তেলাওয়াতরত এক বৃদ্ধার গলায় থাকা স্বর্ণের চেইন ও কানের দুল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আন্ত:জেলা চোরচক্রের এক সদস্যকে গ্রেফতার এবং চোরাই করা স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত মিলন শেখ (৪০) পিরোজপুর সদর উপজেলার বড় খলিশাখালী গ্রামের মৃত সুলতান রহমান শেখের ছেলে।
এ বিষয়ে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. মুকিত হাসান খাঁন বুধবার দুপুর ১২টায় পিরোজপুর এক সদর থানায় প্রেসব্রিফিং করেছেন।
প্রেসব্রিফিং এ তিনি জানান মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বড় খলিশাখালী গ্রামের ৩নং ওয়ার্ডের বাসিন্দা মরিয়ম বেগম (৭০) নিজ বসতঘরের একটি কক্ষে বসে কোরআন তেলাওয়াত করছিলেন। এ সময় একই গ্রামের মো. মিলন শেখ ঘরে প্রবেশ করে তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। হঠাৎ আক্রমণে হতভম্ব হয়ে পড়েন বৃদ্ধা। তিনি চিৎকার শুরু করলে মিলন তার গলা চেপে ধরে এবং মারপিট শুরু করে। একপর্যায়ে বৃদ্ধার গলায় থাকা লকেটসহ স্বর্ণের চেইন এবং এক জোড়া স্বর্ণের কানের দুল ছিনিয়ে নেয়। এসময় বৃদ্ধার ডান কানের লতি ছিঁড়ে রক্তাক্ত জখম হয়। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে আসামী মিলন দ্রæত পালিয়ে যায়। পরে আহত অবস্থায় মরিয়ম বেগমকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার দিনই পিরোজপুর সদর থানায় ভুক্তভোগী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ আব্দুস সোবাহানের নেতৃত্বে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে আসামী মিলন শেখকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তার লুঙ্গির কোঁচ থেকে চোরাই লকেটসহ স্বর্ণের চেইন এবং স্বর্ণের কানের দুল উদ্ধার করে জব্দ করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, চোরচক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
