আজ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালি জাতির জীবনে আজ এক গৌরবোজ্জ্বল দিন। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করার অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছিলেন বাংলা মায়ের অকুতোভয় সন্তানেরা। এই অনন্য ইতিহাসকে স্বীকৃতি দিয়ে ইউনেসকো ১৯৯৯ সালে দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। সেই থেকে বাঙালির আত্ম-অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের দিনটি সারা বিশ্বেই পালিত হয়ে আসছে।
পশ্চিম পাকিস্তানি শাসকেরা যখন অন্যায়ভাবে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে বাঙালির ওপরে চাপিয়ে দিতে উদ্যত হয়েছিল, তখন সারা পূর্ব বাংলা ফুঁসে উঠেছিল প্রতিবাদে, বিক্ষোভে। ১৯৫২ সালে সালের ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গ করে ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল করে এগিয়ে যেতে থাকলে তাদের ওপর গুলি চালানো হয়। সালাম, বরকত, রফিক, শফিক, জব্বারসহ অনেকে নিহত হন। আজ সেই বীর শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতে সারা দেশের শহীদ মিনারে ভাষা সৈনিকদের প্রভাত ফেরি নিয়ে যাবেন আবালবৃদ্ধবনিতা। কন্ঠে থাকবে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি …।’
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পৃথক বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন দিনভর বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।
পিরোজপুরে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে- দিবসের প্রথম প্রহরে রাত ১২.০১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী প্রদান। সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারী ও বেসরকারী প্রতিষ্টানে জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা, দুপুরে মসজিদে দোয়া মোনাজাত, মন্দিরগুলোতে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো পৃথক পৃথক কর্মসূচি পালন করবে।
