স্বরূপকাঠীতে বিএনপির অফিস ভাংচুরের অভিযোগে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা : গ্রেফতার-৪
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) বিএনপির ক্যাম্প ভাংচুর, আগুন সন্ত্রাস, মারধরের অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৮জন নামীয়সহ অজ্ঞাত ২৫০/৩০০ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
বুধবার রাতে উপজেলা যুবদল নেতা মো. আসাদ বাদী হয়ে নেছারাবাদ থানায় মামলাটি দায়ের করেছেন।
পুলিশ মামলার আসামীদের মধ্য স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. শহিদুল ইসলাম মিন্টু, যুবলীগ নেতা মো. কবির হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. মিন্টু ফকির এবং ইউপি সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. মুহিদ মাহামুদকে গ্রেফতার করেছে।
মামলার নামীয় অন্যান্য আসামীদের মধ্য উল্লেখযোগ্য নেতারা হলেন, নেছারাবাদ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রনি দত্ত, উপজেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক মো. শহিদুল ইসলাম রিপন, যুবলীগ নেতা মো. মাশরুল আলম রাজীব, স্বাধীন আইচ সরকার, পৌর ছাত্রলীগের সাবেক সম্পাদক মো. তানজিম আহমেদ। এছাড়াও নামীয় আসামীদের মধ্য যুবলীগ, ছাত্রলীগ এবং আওয়ামীপন্থী জনপ্রতিনিধি রয়েছেন।
মামলার বিষয়ে স্বরূপকাঠি পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. গোলাম কবির বলেন, শুনেছি নেতাকর্মীদের নামে বিএনপির অফিস ভাংচুর অভিযোগে মামলা হয়েছে। তবে ওই অভিযোগের ব্যাপারে আমার কিছুই জানা নেই।
নেছারাবাদ থানার ওসি মো. বনি আমীন জানান, এক বছর পূর্বে বিএনপির অফিস ভাংচুর, আগুন সন্ত্রাস ও বিএনপির নেতাকর্মীদের মারধরের অভিযোগে ৩৮জন নামীয়সহ অজ্ঞাত আরো ২৫০/৩০০ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। আসামীদের মধ্য ৪জনকে গ্রেফতার করে পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
