স্বরূপকাঠিতে ক্ষতিগ্রস্তদের মাঝে রান্না করা খাবার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন এমপি মহিউদ্দিন মহারাজ
ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্ত পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার মাহামুদকাঠি দাখিল মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিন মহারাজ।
গত দুই দিনব্যাপী স্বরূপকাঠি উপজেলার ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নে খাদ্য সহায়তা বিতরণের শেষ দিনে সোমবার তিনি উপজেলার সন্ধ্যা নদীর পশ্চিম পাড়ের বলদিয়া, সুটিয়াকাঠি, সোহাগদল, দৈহারী, গুয়ারেখা ও সারেংকাঠি এ ৬টি ইউনিয়নের ৬ হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, আলু, তেল ও লবন প্যাকেট করে বিতরণ করেন।
এসময় তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য জনপ্রতিনিধি, দলীয় নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন। আজকে আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে যথাসাধ্য সহায়তা করছি। ক্ষতিগ্রস্ত সকল মানুষ সরকারী সহায়তাও পাবেন। বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, নেছারাবাদ উপজেলা পরিষদের চেযারম্যান আব্দুল হক, উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান, স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গোলাম কবির, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ, সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ, ইউপি চেযারম্যান আব্দুর রশিদ, অসীম আকন, সাইদুর রহমান প্রমুখ।
