প্রধান সূচি

পিরোজপুরে একরাতে খামারের ১৩ গরু লুট

পিরোজপুরে একরাতে খামারে থাকা ১৩টি গরু লুটের ঘটনা ঘটেছে। পিরোজপুর সদর উপজেলা শিকদার মল্লিক ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জুজখোলা গ্রামে শনিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। অস্ত্রের মুখে গরু খামারের মালিক ও শ্রমিকের হাত-পা, চোখ-মুখ বেঁধে রেখে দুস্কৃতিকারীরা গরুগুলো ট্রাকে উঠিয়ে নিয়ে গেছে বলে জানা গেছে। এ ঘটনায় গরুর মালিক পিরোজপুর সদর থানায় একটি অভিযোগ পত্র দায়ের করেছেন ।
এদিকে, একসাথে এতোগুলো গরু লুটের ঘটনায় এলাকায় গরুর মালিক ও খামারিদের মাঝে উৎকন্ঠা বিরাজ করছে। একই সাথে এলাকাবাসীর মধ্যে চুরি আতঙ্ক দেখা দিয়েছে।
গরুর মালিক মো. রিয়াজ হাওলাদার বলেন, শনিবার রাত আনুমানিক ৩টার দিকে খামারে গরু খুব ডাকা ডাকি করলে আমি খামারের শ্রমিক মো. ইব্রাহীমকে বলি- ‘দেখ, গরু কেন এত ডাকা ডাকি করছে।’ তবে ইব্রাহিমের কোন সাড়াশব্দ না পেয়ে আমি নিজে বের হয়ে দেখার জন্য ঘরের দরজা খুললেই ৩/৪ লোক ঢুকে আমাকে অস্ত্র দেখিয়ে আমার হাত-পা, চোখ-মুখ বেঁধে ফেলে। এর আগে তারা খামারের শ্রমিক ইব্রাহিমকে বেঁধে রাখে। তিনি আরও বলেন, তারা দলে আনুমানিক ১০/১২ জন লোক ছিল। তারা ২টি ট্রাকে করে খামারে থাকা ২টি জার্সি গাভি, ৫টি ফিরিজিয়ান গাভি ও ৬টি বাছুরসহ মোট ১৩টি গরু নিয়ে যায়। এসব গরুর আনুমানিক মূল্য প্রায় ২২ লাখ টাকা। এ ঘটনায় রবিবার তিনি পিরোজপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে জানান।
গরু লুটের বিষয়ে পিরোজপুর সদর থানার ওসি মো. আসিকুজ্জামান বলেন, এটি লুটের কোন বিষয় নয়। এটি একটি চুরির ঘটনা। আর এ গরু চুরির বিষয়ে অভিযোগ পেয়েছি। এ বিষয়ে নিয়মিত মামলা রুজ প্রক্রিয়াধীন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial