খান আলাউদ্দিন সভাপতি ॥ এম.ডি. আউয়াল সাধারণ সম্পাদক
পিরোজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত ১৬ প্রার্থী এবং বিএনপি সমর্থিত ৩ প্রার্থী জয়ী
পিরোজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ নিরঙ্কুশ জয়লাভ করেছে। নির্বাচনে ১৯টি পদের মধ্যে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ১৬টি পদে এবং বিএনপি সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য প্যানেল ৩টি পদে বিজয়ী হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রাজ শেখর দাস।
এর আগে মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। নির্বাচনে জেলা আইনজীবী সমিতির ৩১৮ জন সদস্যের মধ্যে ২৮৭ জন সদস্য ভোট প্রদান করেন।
নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে দু’টি প্যানেল অংশ গ্রহন করে। একটি প্যানেল থেকে সভাপতি এবং অন্য প্যানেল থেকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের খান মো. আলাউদ্দিন ১৪১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি আইনজীবী সমন্বয় পরিষদের বিদ্রোহী গ্রুপের সভাপতি প্রার্থী আব্দুর রাজ্জাক খান পেয়েছেন ১২৬ ভোট এবং বিএনপি সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য প্যানেলের সভাপতি প্রার্থী নুরুল ইসলাম সরদার পেয়েছেন ১৬ ভোট। সাধারণ সম্পাদক পদে আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের বিদ্রোহী গ্রুপের এম. ডি. আউয়াল ১১২ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের রতন লাল দত্ত পেয়েছেন ১০৬ ভোট এবং বিএনপি সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য প্যানেলের নিজাম উদ্দিন সরদার পেয়েছেন ৬৪ ভোট।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের অপর বিজয়ীরা হলেন, সহ-সভাপতি সুবোধ কুমার আইচ (বিদ্রোহী গ্রুপ) ও মো. জাকির হোসেন কাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান (বিদ্রোহী গ্রুপ), গ্রন্থগার ও পরিসম্পদ সম্পাদক মো. বাহাদুর হোসেন (বিদ্রোহী গ্রুপ), হিসাব নিরীক্ষক সম্পাদক রফিকুল ইসলাম শিমুল (বিদ্রোহী গ্রুপ), আপ্যায়ন সম্পাদক সুশেন কুমার হালদার, সাংস্কৃতিক সম্পাদক সুজন কুমার গাইন, খেলাধুলা সম্পাদক মো. জাকির হোসেন, সদস্য নাসিমা আক্তার, মো. আলাউদ্দিন, আকন্দ মো. রুহুল আমিন, বিজন বিশ^াস, কমল কৃষ্ণ আচার্য এবং মানস কুমার বৈরাগী।
বিএনপি সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য প্যানেলের বিজয়ীরা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক মিসেস রহিমা আক্তার হাসি, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম হাওলাদার এবং সদস্য আকরাম আলী মোল্লা।
জেলা আইনজীবী সমিতির নির্বাচনে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন। নির্বাচনে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে মোতায়েন ছিল পুলিশের একটি দল। এছাড়া আদালত ও আইনজীবী সমিতি এলাকায় বিপুল সংখ্যক পুলিশ, র্যাব ও ডিবির সদস্য মোতায়েন করা হয়।
