আজ মহান বিজয় দিবস
আজ ১৬ ডিসেম্বর। আজ মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্য-বীরত্বের এক অবিস্মরণীয় দিন। আজ বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের অস্তিত্ব প্রতিষ্ঠার চিরস্মরণীয় দিন।
৯ মাসের সশস্ত্র রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জন করেছিল। স্বাধীন বাংলাদেশের স্থপতি ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের পর ১৬ ডিসেম্বর বিকেলে তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে যৌথ বাহিনীর কাছে। এর মধ্য দিয়ে স্বাধীনতার রক্তিম সূর্যালোকে উদ্ভাসিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। সেই থেকে ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস। যথাযথ ভাবগাম্ভীর্যে দিবসটি সাড়ম্বরে উদযাপন করা হয়।
বিজয় দিবস পালন উপলক্ষে পিরোজপুরে ১৬ ডিসেম্বর শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে (সকাল ৬টা ৩০ মিনিট) বলেশ্বর ঘাট শহীদ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের অনুষ্ঠানমালার সূচনা করা হবে। সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন সরকারী, বেসরকারী, আধা সরকারী, স্বায়ত্তশাসিত ও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
সকাল ৬টা ৩৫ মিনিটে বলেশ্বর ঘাট শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।
সকাল ৯টায় জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় উত্তোলন এবং পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কাউটস, গালর্স গাইড, সরকারী শিশু পরিবার, বিভিন্ন শিশু কিশোর ও যুব সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এবং দুপুর ১টায় পিরোজপুর পৌরসভার সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে।
জোহর নামাজবাদ মসজিদসমূহে বিশেষ মোনাজাত, দুপুরে জেলা কারাগার, হাসপাতাল এবং শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।
সন্ধ্যা ৬টায় টাউন ক্লাবে মাঠের স্বাধীনতা মঞ্চে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।
এছাড়া, মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি পালন করবে।
মহান বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের সরকারী দপ্তরসহ গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাগুলোতে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।
