পিরোজপুরে জেলের জালে বিরল প্রজাতির সোনালী হাইতি ভোল মাছ
পিরোজপুরের পাড়েরহাট মৎস্য বন্দরে একটি মাছ নিয়ে হইচই পরে যায়। মাছটি বঙ্গোপসাগরে জালে ধরা পড়ার পরে মঙ্গলবার সন্ধ্যায় পাড়েরহাট মৎস্য বন্দরে নিয়ে আসেন বাদল নামে এক মাঝি।
বন্দরের আড়তে এসে বাদল জানতে পারেন তার জালে ধরা পরা মাছটি বিরল প্রজাতির সোনালী হাইতি ভোল মাছ। ওষুধি গুণাগুণ থাকার কারণে অত্যাধিক মূল্যবান বাদলের পাওয়া এ মাছটির ওজন ৩২ কেজি ৭০০ গ্রাম। যার মূল্য হতে পারে ২৭ লাখ টাকা পর্যন্ত। এ খবর ছড়িয়ে পড়লে বন্দরে ভিড় জমায় জেলে ও স্থানীয়রা। আর মাছের দাম জানতে পেরে খুশিতে আত্মহারা দরিদ্র জেলে বাদল।
মায়ের দোয়া ট্রলারের মাঝি বাদল হোসেন জানান, কয়েকদিন ধরে গভীর সাগরে মাছ ধরতে গিয়ে দ’ুদিন আগে সাগরে একটি সোনালী হাইতি ভোল মাছ ইলিশের জালে ধরা পরে। মাছটি পেয়ে তিনি আড়তে ফিরে এসে ওজন করে দেখেন ৩২ কেজি ৭০০ গ্রাম। মাছটিতে বরফ দিলে মাছটি সোনালী আকার ধারন করে। তিনি বুঝতে পারলেন এ মাছটি সোনালী হাইতি ভোল মাছ।
মঙ্গলবার সন্ধ্যা থেকে মাছটি দামাদামি করলেও মাত্র কয়েক লাখ টাকা দাম উঠেছে। বিক্রেতাদের দাবী মাছটির দাম কয়েক লাখ টাকা হবে কারণ এটি একটি বিরল প্রজাতির মাছ। তবে স্থানীয়রা বলছেন মাছটি যদি সোনালী হাইতি ভোল মাছ হয় তবে তার দাম ১৫ থেকে ২৭ লাখ টাকা পর্যন্ত হতে পারে।
স্থানীয়রা জানান, একটি সোনালী হাইতি ভোল মাছটি গভীর সাগরে পাওয়া গেছে। শুনেছি এটি অনেক মূল্যবান মাছ। দুষ্প্রাপ্য সোনালী হাইতি ভোল মাছটি সরাসরি ডাক তুলে বিক্রি করতে চাই এবং মাছটির ন্যায্য মূল্য পেতে চাই।
দক্ষিণ উপকূলীয় মৎস্য কল্যাণ সমিতির সভাপতি মিজানুর রহমান জানান, মাছটি একটি বিরল প্রজাতির হাইতি ভোল মাছ। আমি চট্টগ্রামে জেলে ও আড়তদারদের সাথে কথা বলে জানলাম মাছটি যদি সোনালী হাইতি ভোল মাছ হয়ে থাকে তবে তার দাম ১৫ লাখ টাকা থেকে ২৭ লাখ টাকা পর্যন্ত হতে পারে।
পাড়েরহাট মৎস্যজীবী আড়ৎদার সমিতির সম্পাদক মো. মোস্তফা আকন জানান, পাড়েরহাট বন্দরের মাছটি বিক্রি না হওয়ায় সেটি বুধবার সকালে মহিপুর নিয়ে গেছেন জেলে বাদল। সেখানে মাছিটি বিক্রি হয়েছে কিনা তা বলতে পারবো না।
