পিরোজপুরে তেলের ব্যারেল চুরি : থানায় অভিযোগ
পিরোজপুরের হুলারহাট বন্দরের ৪ জন ব্যবসায়ীর দোকানের সামনে থেকে তেলের ব্যারেল চুরির অভিযোগ পাওয়া গেছে। শনিবার ভোর ৪টার দিকে হুলারহাট বন্দরের ব্যবসায়ীদের দোকানের সামনে থেকে ভোজ্য তেল ও জ্বালানী তেল ভর্তি ১১টি ব্যারেল চুরি হয়েছে বলে থানায় লিখিত অভিযোগ করেছেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা জানান, রাত আনুমানিক ৪টার দিকে হুলারহাট বন্দরের ৪ জন ব্যবসায়ীর দোকানের সামনে থেকে ভোজ্য তেল ও জ্বালানী তেল ভর্তি ব্যারেল কয়েকজন লোক এসে একটি পিকআপে তুলে নিয়ে চলে যায়। এসময় ৪ জন ব্যবসায়ীর ১১ ব্যারেল ভোজ্য তেল ও জ্বালানী তেল চুরি হয়। যার মূল্য ২ লাখ ৫২ হাজার টাকা বলে জানান ব্যবসায়ীরা।
এদিকে, শুক্রবার রাতে শহরের মাছিমপুর এলাকা থেকে চোরের দল একটি পিকআপের দুটি চাকা খুলে নিয়ে গেছে বরে অভিযোগ পাওয়া গেছে।
পিরোজপুর পৌরসভার ৯নং ওয়ার্ডে কাউন্সিলর নজরুল ইসলাম সিকদার জানান, রাত আনুমানিক ৪টার দিকে একটি পিকআপে করে কয়েকজন এসে তেলের ব্যারেল তুলে নিয়ে চলে যায়। বন্দরে টহল পুলিশের নজরদারীর অভাব রয়েছে। বন্দরের ব্যবসায়ীরা থানায় লিখিত অভিযোগ করেছেন।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.জ.মো. মাসুদুজ্জামান জানান, তেলের ব্যারেল চুরির বিষয়ে একটি লিখিত পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা নেয়া হবে।
