পিরোজপুর জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন হট্টগোলের মুখে পণ্ড ॥ কেন্দ্রীয় নেত্রীবৃন্দ অবরোধের কবলে
পিরোজপুর জেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হট্টগোলের মুখে পন্ড হয়ে গেছে। বুধবার জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ঢাকার নেত্রীবৃন্দ বিক্ষুব্ধ কাউন্সিলর ও ডেলিগেটদের রোষানলে পড়েন।
সম্মেলনে জনৈকা বক্তার বক্তব্যের প্রেক্ষিতে আওয়ামী লীগের জেলা নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় নেত্রীদের উত্তপ্ত বাক্য বিনিময়ের পর সম্মেলনের কার্যক্রম স্থগিত ঘোষণা করে কেন্দ্রীয় নেত্রীরা সম্মেলনস্থল ত্যাগ করে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় সম্মেলনে একপক্ষের অংশ গ্রহণকারীরা কেন্দ্রীয় নেত্রীবৃন্দের গাড়ী আটকে দিয়ে জেলা কমিটি ঘোষণার দাবীতে শ্লোগান দিতে থাকেন।
জানা গেছে, পিরোজপুর জেলা মহিলা আওয়ামী লীগের মেয়াদ উত্তীর্ণ কমিটির পুনর্গঠনের জন্য বুধবার কেন্দ্রের অনুমতিক্রমে কাউন্সিল সম্মেলন আহ্বান করা হয়। সম্মেলনে উদ্বোধন করেন প্রধান অতিথি কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক এমপি সাফিয়া খাতুন। সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক প্রধান বক্তাসহ কেন্দ্রীয় কয়েকজন নেত্রী সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে যোগ দেন।
কেন্দ্রীয় সভাপতির উদ্বোধনী ভাষণের পর বিভিন্ন উপজেলা থেকে প্রতিনিধিদের বক্তব্যের এক পর্যায়ে নাজিরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার ফেরদৌস লুনা বক্তব্য দেয়ার সময় তাকে বক্তব্য দিতে দেওয়া নিয়ে আপত্তি করে সম্মেলনে উপস্থিত জেলা ও উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী। তিনি (শাহরিয়ার ফেরদৌস) সংগঠনের সদস্য নন এবং সংগঠনের জেলা নেতৃবৃন্দ সম্পর্কে আপত্তিকর কথা বলেন বলে তাকে বক্তব্য দেওয়ায় বাধা প্রদান করা হয়। এরপর জেলা যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদিকা শিরিনা আফরোজ শুভেচ্ছা বক্তব্য দিতে গেলে অনুষ্ঠানের উপস্থাপক বাধা দেন। এ সময় সম্মেলনে আমন্ত্রিত অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি এ কে এম এ আউয়াল ও মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাকে (শিরিন) সরিয়ে দেয়ার চেষ্টাকালে তুমুল হট্টগোল শুরু হয়।

অনুষ্ঠানের উপস্থাপক ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদা বারেক অভিযোগ করেন, সংগঠনের সদস্য নন এমন দুই একজন স্থানীয়কে বক্তব্য দিতে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্দেশ দিলে বিশৃঙ্খলা বাধে। তখন সৃষ্ট হট্টগোলের কারণে কেন্দ্রীয় নেত্রীবৃৃন্দ দ্রুত মঞ্চ ত্যাগ করে গাড়ীতে উঠে চলে যেতে চাইলে সম্মেলনে উপস্থিত কাউন্সিলর-ডেলিগেটরা কেন্দ্রীয় নেত্রীদের অবরুদ্ধ করে কমিটি ঘোষণার দাবীতে শ্লোগান দিতে থাকেন।
এদিকে, মহিলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দ ও কর্মীরা জেলা শিল্পকলা একাডেমির সামনে কেন্দ্রীয় নেত্রীবৃন্দের গাড়ি আটকে শ্লোগান দেওয়ার সময় শিল্পকলা একাডেমির গেটের বাইরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের জেলা আওয়ামী লীগের সভাপতি সমর্থক বিপুল সংখ্যক পুরুষ নেতা-কর্মী ও সমর্থকরা অবরোধে অংশ নেন এবং শ্লোগান দিতে থাকেন। একপর্যায়ে কেন্দ্রীয় নেত্রীবৃন্দ পুলিশের হস্তক্ষেপে অবরোধ থেকে মুক্ত হয়ে সার্কিট হাউজে চলে যান।
পবে মহিলা আওয়ামী লীগের জেলা সভাপতি লায়লা পারভীন ও সাধারণ সম্পাদক সাহিদা বারেক সম্মেলন মঞ্চে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলন করে এই ঘটনার জন্য কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচারণের অভিযোগ করে নতুন জেলা কমিটি ঘোষণার দাবী করেন।

এদিকে, সার্কিট হাউজে কেন্দ্রীয় নেত্রীবৃন্দ অনুরূপ এক সংবাদ সম্মেলনে উদ্ভুত ঘটনার জন্য জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়ালসহ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক ও তাদের অনুসারীদের দোষারোপ করেন। তারা বলেন, এ ঘটনায় আমরা অপমানিত বোধ করেছি। তাই সম্মেলনের কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং ঢাকায় গিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। তবে পিরোজপুর জেলা কমিটি বহাল থাকবে।
এ সময় যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাংবাদিক শিরিনা আফরোজ অভিযোগ করেছেন, তাকে মঞ্চে লাঞ্চিত ও অপদস্ত করা হয়েছে। এ ব্যাপারে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদা বারেক বলেন, শিরিনা আফরোজকে বক্তব্য দিতে কেন্দ্রীয় নেত্রীবৃন্দের কথা অনুযায়ী পরে তার নাম ঘোষণা করা হতো। কিন্তু তিনি জোর করে কথা বলতে চাওয়ায় অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উদ্ভুত পরিস্থিতি সম্পর্কে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার বলেন, সার্বিক ঘটনাই অনভিপ্রেত।
উল্লেখ্য, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পদে দীর্ঘদিন ধরে সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়ালের সহধর্মিণী অধ্যাপিকা লায়লা পারভীন দায়িত্বরত রয়েছেন। অন্যদিকে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের অনুসারীরা সম্মেলনের মধ্য দিয়ে জেলা মহিলা আওয়ামী লীগের নেতৃত্বে আসতে তৎপর।
