পিরোজপুরে অস্ত্র মামলায় একজনের ১৭ বছর কারাদন্ড
পিরোজপুরে অস্ত্র মামলায় শহিদুল ইসলাম (৫২) নামের একজনকে ডা ১৭ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন অতিরিক্ত দায়রা জজ আদালত। বৃহস্পতিবার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত দায়রা জজ এস এম নূরুল ইসলাম এ রায় দেন।
দন্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম জেলার ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর গ্রামের আবদুস সোবাহানের ছেলে। বর্তমানে সে পলাতক রয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১০ আগস্ট পুলিশ হেফাজতে থাকা অবস্থায় শহিদুল ইসলাম জানায় তার কাছে পাইপগান আছে। এরপর পুলিশ শহিদুলের দেখানো মতে তার বাড়ির রান্নাঘর থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শহিদুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ভান্ডারিয়া থানার এসআই ফেরদৌস হোসেন তদন্ত শেষে আসামি শহিদুল ইসলামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। বিজ্ঞ আদালত সাক্ষ্য প্রমান শেষে আসামীর অনুপস্থিতিতে অস্ত্র মামলায় শহিদুল ইসলামকে ১৭ বছর কারাদন্ডের আদেশ প্রদান করেন।
আদালতের এপিপি মো. জহুরুল ইসলাম বলেন, গ্রেফতারের পর শহিদুল ইসলাম আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন। তার অনুপস্থিতে রায় ঘোষণা করা হয়েছে।
