ফুফার লাঠির আঘাতে যুবকের মৃত্যুর অভিযোগ
পিরোজপুরের স্বরূপকাঠিতে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে ফুফার লাঠির আঘাতে নাজমুল ইসলাম নাইম (২২) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার বলদিয়া ইউনিয়নের বিন্না গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নাজমুল ইসলাম নাইম একই গ্রামের মো. আলিমের ছেলে।
জানা গেছে, মো. আলিমের ঘর থেকে তার বোনের মেয়ে মুন্নির একটি মোবাইল হারিয়ে যায়। ওই সময় ঘরে মুন্নির খালাত ভাই ও নাইমের ফুপাতো ভাই সাগর উপস্থিত ছিল। এই সূত্র ধরে আলিমের ছেলে নাজমুল ইসলাম নাইম সাগরের কাছে মোবাইলের বিষয়ে জানতে চায়। এতে উভয়ের মধ্যে কথার কাটাকাটি হয়। এর একপর্যায়ে সাগরের বাবা কাঞ্চন মিয়া পেছন থেকে একটি কাঠ দিয়ে নাইমের মাথায় আঘাত করে। এতে নাইম সাথে সাথে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে স্বরূপকাঠি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত তাকে বরিশাল শেবাচিমে পাঠায়। সাগরের অবস্থা খারাপ হওয়ায় সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যেতে বলেন। পরে রাতে সাগরকে ঢাকায় পাঠালে পথেই তার মৃত্যু হয়।
নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, বিষয়টি জানার সাথে সাথে এসআই পনির খানকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
এসআই পনির খান বলেন, এলাকাবাসীর বক্তব্য শুনেছি। পরিবারের কেউ বাড়িতে না থাকায় ঘটনার আসল তথ্য জানা যায়নি। তবে এলাকাবাসীর কথা অনুযায়ী কিছু আলামত সংগ্রহ করা হয়েছে।
