শেখ হাসিনা প্রত্যেককে স্বাবলম্বী করতে চান : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, শেখ হাসিনার লক্ষ্য হচ্ছে গরীব আর গরীব থাকবে না, অসহায় মানুষ থাকবে না, ভিক্ষুক থাকবে না। প্রত্যেককে শেখ হাসিনা স্বাবলম্বী করতে চান। শেখ হাসিনা হচ্ছেন গরীবদেরকে তার গরিবী অবস্থা থেকে ফিরিয়ে এনে স্বচল করার প্রধানমন্ত্রী।
মঙ্গলবার পিরোজপুরের সদর উপজেলায় উপকূলীয় চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের সুফলভোগীদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পিরোজপুর উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদের অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মো. বশির আহমেদ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপকরণ বিতরণ করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় প্রানিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. মো. আব্দুস সবুর, অতিরিক্ত জেলা প্রসাশক চৌধুরী রওশন ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিরোজপুর জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু।
অনুষ্ঠানে পিরোজপুর সদর উপজেলার ৫টি ইউনিয়নের ২৮২ জন উপকারভোগীর মাঝে ১ হাজার ৫০০টি হাস, ২ হাজার ৮০০টি মুরগী, ২ শতাধিক ভেড়া ও কবুতর বিতরণ করা হয়।
