প্রধান সূচি

জেলা আ’লীগের বর্ধিত সভা চলাকালে আ’লীগের সাবেক নেতা জসিম খানের বাসভবনে ইট পাটকেল নিক্ষেপ ॥ মোটর সাইকেল ভাংচুর

পিরোজপুরে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা চলাকালে জেলা আওয়ামী লীগের সাবেক নেতা ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন খানের বাসভবনে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসময় তার বাসভবনের সামনের রাস্তায় থাকা কয়েকটি মোটর সাইকেল ভাংচুর করা হয়।
গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পিরোজপুর পৌর শহরের পুরাতন পৌরসভা রোডে পর পর দু’দফা এ হামলার ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলের ৩০০ গজ দূরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা চলছিল। সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যুগ্ন সাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়া জেলা ছাত্রলীগের সাবেক নেতা ইফতেখার মাহামুদ সজলের অফিসে হামলা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, জসিম উদ্দিন খান এবং ইফতেখার মাহামুদ সজল উভয়ই পিরোজপুর-১ আসনের এমপি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এর অনুসারী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রলীগের ব্যানারে একটি গ্রুপ মিছিল নিয়ে পুরাতন পৌরসভা রোড দিয়ে যাওয়ার সময় জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এবং জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন খানের বাসা লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় তারা রাস্তায় থাকা কয়েকটি মোটর সাইকেল ভাংচুর করে। এর ঘটনার কিছুক্ষন পরে জেলা যুবলীগের ব্যানারে আরও একটি মিছিল ওই সড়ক দিয়ে যাওয়ার সময় আবারও তার (জসিম খান) বাসায় ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। মিছিলকারীরা বাসার মধ্যে ঢুকে হামলা চালানোরও চেষ্টা করে। এ সময় জসিম খানের বাসার সামনে থাকা তার (জসিম খান) কর্মী-সমর্থকদের সাথে মিছিলকারীদের বাকবিতান্ডা এবং হাতাহাতির ঘটনা ঘটে। এতে জসিম খানের সমর্থক স্বেচ্ছাসেবক লীগের ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক বাদশা হাওলাদার, বাস শ্রমিক জব্বার খানসহ ৩/৪ জন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এবং জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন খান বলেন, পিরোজপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা উপলক্ষে তিন দিন আগে ঢাকা থেকে পিরোজপুরে আসি। বর্ধিত সভায় আসা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম ভাই এর সাথে সকালে সার্কিট হাউজে দেখা করে পরে পুরাতন পৌরসভা রোডের বাসায় এসে অবস্থান করি। বেলা সাড়ে ১১টার দিকে যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়ালের অনুসারীরা পর পর দুটি মিছিল থেকে আমার বাসায় হামলা চালিয়ে ইট পাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় আমার লোকজনের বেশ কয়েকটি মোটর সাইকেল ভাংচুর করা হয়। মিছিলকারীদের হামলায় বাস শ্রমিকসহ ৩/৪ জন কর্মী আহত হয়েছে। হামলার ঘটনাটি কেন্দ্রীয় নেতা আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম ভাইকে জানানো হয়েছে। তার নির্দেশনা মতো পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


তবে জসিম উদ্দিন খানের বাসায় হামলা বা ইট পাটকেল নিক্ষেপের ঘটনা অস্বীকার করে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মানিক জানান, তার (জসিম খান) বাসায় কে বা কারা হামলা বা ইট পাটকেল নিক্ষেপ করেছে তা আমাদের জানা নেই। ঐ ঘটনার সাথে যুবলীগ-ছাত্রলীগের কোন নেতা-কর্মী জড়িত নয়। তিনি আরও জানান, জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার জেলা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে একটি মিছিল বের করা হয়। মিছিলটি পুরাতন পৌরসভা রোড দিয়ে যাওয়ার সময় জসিম খানের বাসার সামনে রাস্তায় কিছু মোটর সাইকেল দেখে সেগুলো সড়িয়ে নিতে বললে জসিম খানের সমর্থকদের সাথে কিছুটা বাকবিতান্ডা হয়।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন খানের বাসায় ইট পাটকেল নিক্ষেপ এবং কয়েকটি মোটর সাইকেল ভাংচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে তিনিসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ এখনও কোন অভিযোগ পাওয়া যায় নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, শুক্রবার রাতে শহরের পুরাতন কাপুড়িয়া পট্টি (সাধনা পোল সংলগ্ন) জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ইফতেখার মাহামুদ সজলের ব্যক্তিগত অফিসে হামলা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসময় অফিসের সামনে থাকা বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি’র ছবি সম্বলিত ব্যানার ছিড়ে ফেলা হয়।
এ বিষয়ে ইফতেখার মাহামুদ সজল জানান, ঘটনার সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং পিরোজপুর-১ আসনের এমপি শ ম রেজাউল করিম এর পক্ষ থেকে দু:স্থদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছিল। বিতরণ কাজের শেষ পর্যায়ে যুবলীগ, ছাত্রলীগ ব্যানারে একটি মিছিল এসে অফিসে হামলা চালায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় তারা অফিসের সামনে টানানো বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি’র ছবি সম্বলিত ব্যানার ছিড়ে ফেলে। সজল আরও জানান, আওয়ামী লীগের বর্ধিত সভা উপলক্ষে পিরোজপুরে কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক আইন সম্পাদক, জেলা আওয়ামী লীগের সদস্য পিরোজপুর-১ আসনের এমপি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের পক্ষ থেকে দেওয়া ব্যানার, ফেস্টুন ছিড়ে ফেলেছে জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়ালের অনুসারীরা।
পিরোজপুর সদর থানার ওসি আ.জ.ম. মাসুদুজ্জামান সজলের অফিসে ইট পাটকেল নিক্ষেপের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার বিষয়ে থানায় কোন অভিযোগ পাওয়া যায় নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial