পিরোজপুরে ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে ইউনিয়ন আ’লীগ সভাপতি নিহত ॥ আহত ৩
পিরোজপুরে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের যাত্রী পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়ন আওয়ামী লীগের সভপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. ফারুক মিয়া নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরো ৩ যাত্রী আহত হয়েছেন। ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে ইজিবাইকটি। শুক্রবার রাতে পিরোজপুর-পাড়েরহাট সড়কের কলবাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় ট্রাক ও ট্রাকচালক মো. আরিফকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের কলবাড়ি নামক স্থানে পিরোজপুর শহর থেকে চরখালী ফেরীঘাট গামী একটি ইজিবাইকের সাথে বিপরীত দিক থেকে আসা গাছবোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থালেই ইজিবাইকের যাত্রী ধানীসাফা ইউনিয়ন আওয়ামী সভাপতি মো. মিয়া নিহত হন। এসময় ইজিবাইকে থাকা আরও ৩ যাত্রী মারাত্মক আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে।
শংকরপাশা ইউপি চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন স্বপন মল্লিক জানান, শুক্রবার রাতে একটি ট্রাকের সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। এ সময় আহত জ্জ জন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
পিরোজপুর সদর থানার ওসি আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, এ ঘটনায় ঘাতক ট্রাক ও ট্রাকচালক মো. আরিফকে আটক করা হয়েছে এবং দুর্ঘটনা কবলিত ইজিবাইকটিও উদ্ধার করে থানায় আনা হয়েছে।
